বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বড় ধাক্কা দিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে মিসর। দ্বিতীয়ার্ধে মোস্তফা জিকোর গোলে ব্যবধান দ্বিগুণ করে আফ্রিকার দলটি।
দ্বিতীয় গোলের আগে অবশ্য কিছুটা নাটকীয়তা তৈরি হয়। একবার জিকোর করা গোলটি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর বাতিল করে দেন রেফারি। রিপ্লেতে দেখা যায়, আক্রমণ শুরুর সময় মারওয়ান আত্তিয়া আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের পায়ের ওপর দাঁড়িয়ে ফাউল করেছিলেন। সে কারণে গোলটি বাতিল করা হয়।
তবে সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি মিসরের। কিছুক্ষণ পর আবারও আক্রমণে উঠে জিকো গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।
এর আগে ম্যাচের ১৫তম মিনিটে মারওয়ান আত্তিয়ার নিখুঁত ক্রস থেকে ইয়াসের ইব্রাহিমের দুর্দান্ত হেডে প্রথম গোল পায় মিসর।
২০তম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। তবে অধিনায়ক লিওনেল মেসির নেওয়া পেনাল্টি দুর্দান্ত দক্ষতায় রুখে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের। প্রথমার্ধে ম্যাক অ্যালিস্টার ও হুলিয়ান আলভারেজের নিশ্চিত গোলের সুযোগও প্রতিহত করেন এই গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রেখেছে মিসরের রক্ষণভাগ। শোবেরের দৃঢ় গোলকিপিং এবং ডিফেন্ডারদের শৃঙ্খলাবদ্ধ পারফরম্যান্সে বারবার ব্যর্থ হচ্ছে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা।
দুই গোলে পিছিয়ে পড়ায় ম্যাচে ফিরতে এখন অলৌকিক কিছুই করতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের। অন্যদিকে এই ব্যবধান ধরে রাখতে পারলে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই আর্জেন্টিনাকে বিদায় করে বড় অঘটনের জন্ম দেবে মিসর।


