প্রথম ম্যাচের পারফরম্যান্সের কারণে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মাঠের পারফরম্যান্স দিয়েই সেই সমালোচনার কড়া জবাব দিলেন এই পর্তুগিজ মহাতারকা।
মঙ্গলবার (২৩ জুন) উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে বিরতিতে যাওয়ার আগেই জোড়া গোল করে দলকে চালকের আসনে বসিয়েছেন তিনি।
ম্যাচের ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের চমৎকার পাস থেকে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও পর্তুগালের পক্ষে ম্যাচের তৃতীয় গোলটি করেন সিআরসেভেন।
এই গোলের মাধ্যমে পর্তুগালের ফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন রোনালদো। বিশ্বকাপে এতদিন ৯ গোল নিয়ে পর্তুগালের পক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এককভাবে ছিল কিংবদন্তি ইউসেবিওর। আজ তাকে ছাড়িয়ে বিশ্বকাপে রোনালদোর মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ১০-এ। এর ফলে বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন সবার ওপরে ক্রিস্টিয়ানো রোনালদো।



