আট বছর পর আবারো বাংলাদেশের মাটিতে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসর। টুর্নামেন্টকে সামনে রেখে জাতীয় দলকে প্রস্তুত করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
সেই লক্ষ্যে সেপ্টেম্বর ও অক্টোবরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে জাতীয় দলের জন্য চারটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে বাফুফে। যার মাঝে দুই থেকে তিনটি ম্যাচ কিরগিজস্তানে অনুষ্ঠিত হতে পারে।
সম্প্রতি কিরগিজস্তান ফুটবল ইউনিয়ন তিনজাতি ফুটবল সিরিজে অংশ নেয়ার জন্য বাংলাদেশকে অনানুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে। বিষয়টি নিশ্চিত করে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমরা অনানুষ্ঠানিকভাবে কিরগিজস্তানের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছি।’
এর আগে বাফুফে জানিয়েছিল, সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোকে সামনে রেখে আগামী ২১ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে।
উল্লেখ্য, ২০২১ সালেও কিরগিজস্তানে অনুষ্ঠিত তিনজাতি সিরিজে অংশ নিয়েছিল বাংলাদেশ। সেই আসরে ফিলিস্তিনের কাছে ২-০ এবং স্বাগতিক কিরগিজস্তানের কাছে ৪-১ গোলে পরাজিত হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।



