তবে কি সমাপ্তির ইঙ্গিত দিলেন মেসি? গুঞ্জন তো আগেই ছিল, এবার তাতে ঘি ঢাললেন মেসি নিজেই। ফাইনালের আগে তার একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। সেখানে আবেগঘন এক বার্তা দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
এমন কিছু কথা লিখেছেন, যা অনেকের কাছেই বিদায়ের ইঙ্গিত বলে মনে হচ্ছে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আর্জেন্টিনার পতাকা জড়িয়ে থাকা একটি ছবি পোস্ট করে মেসি লেখেন-
‘এতগুলো বছরের সেরা প্রাপ্তি শুধু শিরোপাই ছিল না, বরং পুরো পথচলাটাই ছিল দারুণ। এই দলের সাথে প্রতিটি দিন কাটানো, একসাথে লড়াই করা, কঠিন মুহূর্তে ঘুরে দাঁড়ানো ও প্রতিটি পদক্ষেপ উপভোগ করাটাই ছিল আসল।’
‘প্রত্যেক সতীর্থ, কোচিং স্টাফ এবং এই দলটাকে একটা পরিবার করে রাখতে যারা প্রতিদিন কাজ করেছেন, তাদের ধন্যবাদ। আগামীকাল যাই হোক, এই দলটা ইতোমধ্যে গল্প লিখেছে। যা আমরা কখনো ভুলব না ও কেউ তা মুছে ফেলতে পারবে না। এগিয়ে যাও আর্জেন্টিনা!’
মেসির এই কথাগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। অনেক সমর্থকের ধারণা, এটি হয়তো আর্জেন্টিনার জার্সিতে তার দীর্ঘ যাত্রার শেষ অধ্যায়ের ইঙ্গিত।
যদিও পোস্টে কোথাও অবসর বা বিদায়ের কথা সরাসরি উল্লেখ করেননি আটবারের ব্যালন ডি'অরজয়ী এই মহাতারকা। তবে বয়স আর অবস্থান বিবেচনায় এমন কিছু হতে পারেই বলে ধারণা।
বিশ্বকাপের আগে থেকেই মেসির ভবিষ্যৎ নিয়ে চলছে নানা জল্পনা। ২০২৬ বিশ্বকাপই তার শেষ ম্যাচ হতে পারে বলে অনেকবারই আলোচনা হয়েছে। আর তা যদি সত্য হয় তাহলে এই পোস্টের আবেগ আরো গভীর অর্থ বহন করে।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে দুই দশকেরও বেশি সময় ধরে অসংখ্য ট্রফি, রেকর্ড ও স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন মেসি। তবে তার নিজের ভাষাতেই, সবচেয়ে বড় প্রাপ্তি শুধু শিরোপা নয়; সতীর্থদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত, লড়াই আর সেই দীর্ঘ পথচলাই।
এখন দেখার বিষয়, মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালের পর এই আবেগঘন পোস্টটি শুধুই একটি অনুভূতির প্রকাশ হয়ে থাকে, নাকি সত্যিই এটি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অধ্যায়ের সমাপ্তির পূর্বাভাস হয়ে ওঠে।
অবশ্য মেসির ‘শেষ’ টেনে দেয়ার দুঃসাহস কিংবা বোকামি এখন আর করতে চান না অনেকে। শিক্ষা তো আর কম হয়নি অতীতে! চার বছর আগে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ঘুচিয়েছিল ৩৬ বছরের ধরা।
মেসি তখন ছিলেন ৩৫ বছরের। অনেকেই হয়তো ধরে নিয়েছিলেন ওটাই শেষ। কিন্তু কে জানত, আবারো বিশ্বকাপে ছড়ি ঘোরাবেন তিনি এবং সেটাও এমন দাপটের সাথে!



