আর্জেন্টিনায় সাইবার হামলা, সন্দেহের তীর ‘মিসরীয় হ্যাকারদের দিকে

সমর্থক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে সংস্থাটি বলেছে, সম্প্রতি ওই অ্যাকাউন্ট থেকে পাঠানো সন্দেহজনক কোনো ই-মেইল, বিশেষ করে যাতে লিংক, সংযুক্ত ফাইল বা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে, সেগুলো যেন গ্রহণ না করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচ
আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচ |ইন্টারনেট

বিশ্বকাপে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার রুদ্ধশ্বাস জয়ের রেশ কাটতে না কাটতেই নতুন এক বিতর্ক জন্ম দিয়েছে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ) সাইবার হামলার অভিযোগ উঠেছে।

এএফএ জানিয়েছে, তাদের একটি প্রাতিষ্ঠানিক ই-মেইল অ্যাকাউন্ট থেকে অনুমতি ছাড়াই একাধিক বার্তা পাঠানো হয়েছে। যার পেছনে মিসরীয় হ্যাকারদের হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর পেছনে কারণ আছে। কেননা ওই বার্তাগুলোতে আর্জেন্টিনা-মিসর ম্যাচের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়। দাবি করা হয়, ম্যাচের ফল এসেছে ‘দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের’ কারণে ও এমনকি লেখা হয়, ‘আর্জেন্টিনা জেতেনি।’

বিবিসি জানিয়েছে, এএফএ'র অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে পাঠানো ওই ই-মেইলগুলোতে মিসরের বিপক্ষে ৩-২ ব্যবধানে জেতা ম্যাচের রেফারিং নিয়ে কঠোর সমালোচনা করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, এএফএ'র অভ্যন্তরীণ সূত্রের ধারণা, এসব ই-মেইল মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকারের কাজ হতে পারে। বার্তাগুলোতে মিসর দলের পারফরম্যান্সেরও প্রশংসা করা হয়েছিল।

এদিকে ঘটনার পর শুক্রবার (১০ জুলাই) এক বিবৃতিতে এএফএ জানায়, তাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে এমন কিছু ই-মেইল পাঠানো হয়েছে, যেগুলো সংস্থার কোনো কর্মকর্তা বা যোগাযোগ বিভাগ তৈরি কিংবা অনুমোদন করেনি।

সমর্থক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে সংস্থাটি বলেছে, সম্প্রতি ওই অ্যাকাউন্ট থেকে পাঠানো সন্দেহজনক কোনো ই-মেইল, বিশেষ করে যাতে লিংক, সংযুক্ত ফাইল বা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে, সেগুলো যেন গ্রহণ না করা হয়।

এএফএ আরো জানিয়েছে, তাদের অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ও ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

মূলত আটলান্টায় অনুষ্ঠিত শেষ ষোলোর লড়াইয়ে ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে এগিয়ে যায় মিসর। তবে শেষ ১১ মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আর্জেন্টাইনরা।

প্রথমে ক্রিস্তিয়ান রোমেরো ব্যবধান কমান, এরপর লিওনেল মেসি সমতা ফেরান। যোগ করা সময়ে জয়সূচক গোল করে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শেষ আটের টিকিট নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

ম্যাচটি ঘিরে অবশ্য শুরু থেকেই বিতর্ক চলছে। রেফারিংয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার প্যানেলকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়ার দাবি জানিয়েছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন।