এরই মধ্যে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলটি এখন কেবল টুর্নামেন্ট শুরুর ক্ষণ গুনছে। আর এর মধ্যেই বড় এক হোঁচট খেতে হলো বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। চোটে পড়েছেন লিয়ান্দ্রো পারেদেস। লিওনেল স্কালোনির দলের গুরুত্বপূর্ণ এই সদস্য হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন।
বোকা জুনিয়র্সের জার্সি গায়ে নিজের শেষ ম্যাচটিতে পারেদেসের উপস্থিতি শুরু থেকেই বেশ উদ্বেগজনক ছিল। ওয়ার্ম-আপের সময় থেকেই তাকে চোট পাওয়া জায়গাটি চেপে ধরে রাখতে দেখা যায় তাকে। তবুও পুরো ৯০ মিনিট তীব্র ব্যথা সহ্য করেই তিনি মাঠে ছিলেন। ম্যাচ শেষে নিজের অস্বস্তির কথা স্বীকারও করেন তিনি। পরবর্তীকালে মেডিক্যাল পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে।
আগামী শনিবার জাতীয় দলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ধরার আগে পারেদেসের খবর আর্জেন্টিনার জন্য বড় এক বোমা ফাটার মতোই হাজিল হলো। যুক্তরাষ্ট্রে আলবিসেলেস্তেরা দুটি প্রস্তুতি ম্যাচ (৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে) খেলবে, যেখানে পারাদেসের আর মাঠে নামা হচ্ছে না।
ম্যাচ শেষে বোকা জুনিয়র্সের এই অধিনায়ক বলেন, ‘পুরো সপ্তাহ জুড়েই আমি হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছিলাম, কিন্তু কোনোভাবেই এই ম্যাচটি আমি মিস করতে চাইনি। মাঠ ছেড়ে আসার তো প্রশ্নই আসে না। কোচ আমাকে সত্যিটা বলতে বলেছিলেন, মাঠে নেমে নিজের যত্ন নিতে বলেছিলেন, কারণ সামনে আমার অনেক গুরুত্বপূর্ণ খেলা রয়েছে। তবে এই ম্যাচটি না খেলে বসে থাকার মতো পরিস্থিতি আমার ছিল না।’
বর্তমান পরিস্থিতি অনুযায়ী, আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে পারেদেস পুরোপুরি ফিট হতে পারবেন কি না—তা নিয়ে বড়সড় সংশয় তৈরি হয়েছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’র প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবারের হারের পর এবং পুরো শুক্রবার জুড়ে মেডিক্যাল রিপোর্ট আসার আগ পর্যন্ত পারেদেস যেভাবে শান্ত ছিলেন, এখনো ঠিক তেমনই আছেন। নতুন ডায়াগনসিসেও তার সেই মানসিক শান্তি নষ্ট হয়নি; কারণ তিনি জানেন এই চোট ‘খুব বেশি গুরুতর নয়’। এ ছাড়া কঠোর পরিশ্রমের মাধ্যমে দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া শেষ করার জন্য পারেদেসের আলাদা একটা সুনাম রয়েছে।
বোকায় ফেরার আগে থেকেই সামনের কঠিন চ্যালেঞ্জ সম্পর্কে ভালোভাবেই জানতেন পারেদেস, তাই বিশ্বকাপ থেকে কখনো চোখ সরাননি তিনি। সেই লক্ষ্যে, এই মৌসুমে বোকার নিয়মিত অনুশীলনের পাশাপাশি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ‘লিওনেল আন্দ্রেস মেসি ট্রেইনিং সেন্টার’-এ তাকে প্রায়ই ডাবল শিফটে কাজ করতে দেখা গেছে।
গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্লাতেনসের বিপক্ষে ম্যাচে পারেদেস গোড়ালির চোটে পড়েন। ক্লাউদিও উবেদার দলের হয়ে সেবার দুটি ম্যাচ (আর্জেন্টিনা কাপে রেসিং এবং হিমনেসিয়া দে চিভিলকয়ের বিপক্ষে) মিস করার পর দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে তিনি আবার মাঠে ফেরেন।



