জাতীয় দলে ফেরার আগেই ফের চোটে পড়েছেন নেইমার

আবারো চোটে পড়েছেন নেইমার। ফলে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

নয়া দিগন্ত অনলাইন
নেইমার
নেইমার |ফাইল ছবি

জাতীয় দলে ফেরার আগেই আবার ‘থমকে’ যাওয়ার শঙ্কায় নেইমার। প্রত্যাবর্তনের আগেই ফের চোটের হানা, বাড়তে পারে ‘হলুদ’ জার্সিতে তাকে দেখার অপেক্ষা। সহসাই হয়তো মাঠে নামা হচ্ছে না তার।

প্রায় দু’বছর ব্রাজিল জাতীয় দলের বাইরে নেইমার। হলুদ জার্সিতে শেষবার মাঠে নামেন ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচেই গুরুতর চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান নেইমার।

মাঝে ক্লাব বদলে ফের মাঠে ফিরলেও জাতীয় দলের জার্সিটা এখনো গায়ে চাপানো হয়নি। সান্তোসের হয়ে খেলেছেন বেশ কয়েকটি ম্যাচ। আশা করা হচ্ছিল, আগামী সেপ্টেম্বরের হয়তো প্রত্যাবর্তন হতে পারে হলুদ জার্সিতে।

কিন্তু ভক্ত-সমর্থকদের জন্য দুঃসংবাদ। আবারো চোটে পড়েছেন নেইমার। ফলে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। সান্তোসের অনুশীলনে গত ২১ আগস্ট উরুতে আঘাত পেয়েছেন তিনি।

সেই আঘাত পরীক্ষায় নেইমারের উরুতে এডিমা ধরা পড়েছে। ফলে আবার কবে নেইমার মাঠে নামতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে তাকে যে দেখা যাবে না, তা একপ্রকার নিশ্চিত।

চোটে পড়ার আগে খুবই বাজে একটি সপ্তাহ গেছে নেইমারের। ভাস্কোর বিপক্ষে তার দল সান্তোস হেরেছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে। সেই হারের পর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নেইমার। তার সেই কান্না এখন আরো বাড়বে নিশ্চয়ই।

উল্লেখ্য, সেপ্টেম্বরে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য সোমবার দল ঘোষণা করার কথা ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির। ৪ সেপ্টেম্বর চিলি এবং ৯ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ব্রাজিল।