চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না রাফিনিয়া

যথাযথ চিকিৎসা গ্রহণের নিমিত্তে রাফিনিয়া বার্সেলোনায় ফিরে আসছেন। ধারণা করা হচ্ছে, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অন্তত পাঁচ সপ্তাহ সময় লাগবে।

নয়া দিগন্ত অনলাইন
রাফিনিয়া
রাফিনিয়া |ইন্টারনেট

এপ্রিলে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে পারছেন না বার্সেলোনা উইঙ্গার রাফিনিয়া।

বৃহস্পতিবার ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন এই ব্রাজিলিয়ান।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটিতে ফ্রান্স ২-১ গোলে জয়ী হয়।

এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, রাফিনিয়া ছাড়াও রোমার ফুল-ব্যাক ওয়েসলিও ফ্রান্সের বিপক্ষে ম্যাচে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। শুক্রবার তাদের স্ক্যান রিপোর্টের মাধ্যমে পেশীর ইনজুরির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে বার্সেলোনার নিজস্ব এক বিবৃতিতে রাফিনিয়া সম্পর্কে বলা হয়েছে, ‘যথাযথ চিকিৎসা গ্রহণের নিমিত্তে রাফিনিয়া বার্সেলোনায় ফিরে আসছেন। ধারণা করা হচ্ছে, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অন্তত পাঁচ সপ্তাহ সময় লাগবে।’

কাতালান জায়ান্টদের হয়ে রাফিনিয়া নিজেকে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছেন। আগামী ৮ ও ১৪ এপ্রিল দিয়েগো সিমিওনের দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের উভয় লেগ থেকেই তিনি ছিটকে গেছেন।

এবারের মৌসুমে বার্সার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১৯ গোল করেছেন ২৯ বছর বয়সী রাফিনিয়া। ইনজুরির কারণে লা লিগায় অ্যাথলেটিকো, এস্পানেয়ল, সেল্টা ভিগো ও গেতাফের বিপক্ষে ম্যাচও তিনি মিস করবেন।

আগামী ১০ মে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের দ্বিতীয় ও শেষ এল ক্লাসিকোতে তার ফেরার আশাা করছে বার্সেলোনা। তবে তার আগে ২৯ এপ্রিল আর্সেনাল অথবা স্পোর্টিং লিসবনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাব্য সেমিফাইনালেও তিনি ফিরতে পারেন।

আগামী ১১ জুন থেকে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে শুরু হওয়া বিশ্বকাপেও রাফিনিয়ার ব্রাজিল দলে খেলা প্রায় নিশ্চিত।