মাঠে মেসি-রোনালদোর দ্বৈরথ, বাইরে জর্জিনা-আন্তোনেলার সৌহার্দ্য

মাঠে মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা যতই তীব্র হোক না কেন, মাঠের বাইরের পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের এই ছবি আবারো মনে করিয়ে দিলো যে—প্রতিদ্বন্দ্বিতা কেবল খেলাতেই সীমাবদ্ধ, সম্পর্কের উষ্ণতায় নয়।

নয়া দিগন্ত অনলাইন

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আলোচনা কখনোই থামে না। বছরের পর বছর মাঠে তাদের লড়াই মুগ্ধ করেছে কোটি কোটি ফুটবলপ্রেমীকে।

তবে সেই প্রতিদ্বন্দ্বিতার কোনো ছাপ যে ব্যক্তিগত বা পারিবারিক সম্পর্কে নেই, সেটি আবারো প্রমাণ করলেন তাদের জীবনসঙ্গিনীরা।

রোনালদোর সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজ সম্প্রতি নিজের নতুন লাউঞ্জওয়্যার ব্র্যান্ড ‘মিমোয়া’র উপহার পাঠিয়েছেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর কাছে। যা পেয়ে আন্তোনেলাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ইনস্টাগ্রাম স্টোরিতে উপহারের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘অনেক ধন্যবাদ, জর্জিনা রদ্রিগেজ। প্রতিটি জিনিসই দারুণ সুন্দর। তোমার নতুন এই পথচলার জন্য অনেক শুভকামনা ও সফলতা কামনা করি।’

জর্জিনা সম্প্রতি নিজের নতুন পোশাকের ব্র্যান্ড ‘মিমোয়া’ বাজারে এনেছেন। সেই উপলক্ষে ঘনিষ্ঠজনদের পাশাপাশি আন্তোনেলার কাছেও ব্র্যান্ডটির উপহারসামগ্রী পাঠান। আন্তোনেলার আন্তরিক প্রতিক্রিয়া ভক্তদেরও নজর কেড়েছে।

বিশেষ করে এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্তটি সামনে এসেছে এমন সময়ে, যখন ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বের প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা ও পর্তুগাল।

একদিকে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা শেষ ষোলোতে মিসরের মুখোমুখি হবে। অন্যদিকে রোনালদোর পর্তুগাল লড়বে শক্তিশালী স্পেনের বিপক্ষে।

মাঠে মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা যতই তীব্র হোক না কেন, মাঠের বাইরের পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের এই ছবি আবারো মনে করিয়ে দিলো যে—প্রতিদ্বন্দ্বিতা কেবল খেলাতেই সীমাবদ্ধ, সম্পর্কের উষ্ণতায় নয়।