আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেসি এবার মাঠে নামলেই গড়বেন ইতিহাস। এটি হতে যাচ্ছে মেসির ষষ্ঠ বিশ্বকাপ। আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেয়া এই তারকার সামনে এবার চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখার। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দলে জায়গা করে নিয়েছেন এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও হুলিয়ানো সিমেওনের মতো উদীয়মান ফুটবলাররা।

নয়া দিগন্ত অনলাইন
আর্জেন্টিনার ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড
আর্জেন্টিনার ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড |সংগৃহীত

বিশ্বকাপ দল ঘোষণা করতে একটু বেশিই সময় নিয়েছেন লিওনেল স্কালোনি। তাতে অপেক্ষা বেড়েছে সমর্থকদের, বেড়েছে নানা রটনা আর ঘটনা। তবে অবশেষে অবসান হয়েছে অপেক্ষার।

২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অভিজ্ঞ ও একঝাঁক তরুণ তুর্কিদের নিয় স্কোয়াড ঘোষণা সাজিয়েছেন স্কালোনি।

এবারের মহাযজ্ঞেও লা আলবিসেলেস্তেদের নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। তবে বড় চমক ফ্রাঙ্কো মাস্তান্তুওনোর বাদ পড়া। আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত নিজের জায়গা পাকা করতে পারেননি এই তরুণ।

মেসি এবার মাঠে নামলেই গড়বেন ইতিহাস। এটি হতে যাচ্ছে মেসির ষষ্ঠ বিশ্বকাপ। আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেয়া এই তারকার সামনে এবার চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখার।

অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দলে জায়গা করে নিয়েছেন এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও হুলিয়ানো সিমেওনের মতো উদীয়মান ফুটবলাররা।

মেসির পাশাপাশি আক্রমণভাগে আরো আছেন লাউতারো মার্টিনেজ। আর গোলপোস্টের নিচে যথারীতি অতন্দ্র প্রহরী হিসেবে থাকছেন বিশ্বস্ত এমিলিয়ানো মার্টিনেজ।

তাদের নিয়ে আগামী গ্রুপ জে থেকে ১৬ জুন মিসৌরির কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা।

২২ জুন টেক্সাসের আর্লিংটনে অস্ট্রিয়ার মুখোমুখি হবে স্কালোনির দল। আর ২৭ জুন একই স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড :

গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।

ডিফেন্ডার : ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়েল, নিকোলাস টাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা।

মিডফিল্ডার : রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল পালাসিওস ও ভ্যালেন্তিন বারকো।

ফরোয়ার্ড : লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেজ, জুলিয়ানো সিমেওনে, নিকো পাজ, থিয়াগো আলমাদা ও হোসে মানুয়েল লোপেস।