আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে চূড়ান্ত হয়েছে গ্রুপ পর্বের ভাগ্য। ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত ড্রয়ে স্বাগতিক বাংলাদেশ জায়গা পেয়েছে গ্রুপ ‘এ’-তে। এই গ্রুপে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা।
আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াই। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে পল্টনের জাতীয় স্টেডিয়ামে। এবারের আসরে অংশ নেবে মোট ছয়টি দল।
অন্যদিকে গ্রুপ ‘বি’-তে রয়েছে বর্তমানের শক্তিশালী দল ভারত, পাকিস্তান ও মালদ্বীপ।
তবে ড্রয়ের পরও একটি বিষয় অনিশ্চিত রয়ে গেছে। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবার সাফের ড্রয়ে ছিল না নেপাল।
তবে আগামী ৩০ সেপ্টেম্বর নিষেধাজ্ঞা উঠে গেলে নেপালকে গ্রুপ ‘এ’-তে অন্তর্ভুক্ত করা হতে পারে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপের প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এরপর দুই গ্রুপের শীর্ষ দুইটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে।
সেখানে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে, আর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্সআপের। দুই সেমিফাইনালের বিজয়ীরা খেলবে শিরোপা নির্ধারণী ফাইনাল।
বাংলাদেশ এর আগে মাত্র একবার, ২০০৩ সালে সাফের শিরোপা জিতেছিল। দীর্ঘ ২৩ বছর পর আবারো ঘরের মাঠে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০১৮ সালের পর এবারই প্রথম ঢাকায় ফিরছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ফুটবল টুর্নামেন্ট।
সাফের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত, যারা এখন পর্যন্ত ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া মালদ্বীপ জিতেছে দুইবার, আর বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান একটি করে শিরোপা ঘরে তুলেছে।



