বিশ্বকাপে রেকর্ডের পর রেকর্ড গড়েই চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে একটি গোল করে একসাথে দু’টি নতুন ইতিহাস গড়েছেন তিনি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। পাশাপাশি টানা আটটি বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য কীর্তিও গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
তবে মেসির মতে, তারা প্রত্যাশা মতো খেলতে পারেননি। কিছু ভুল হয়েছে। আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়কের বার্তা, ভুল শুধরে আরো ভালো ফুটবল খেলতে হবে তাদের। একইসাথে কেপ ভার্দেকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।
ম্যাচ শেষ হওয়ার ঠিক পরেই মেসি বলেন, ‘জানতাম ম্যাচটা খুব কঠিন হবে। বিশ্বকাপে কেউ আপনাকে বিনামূল্যে কিছু দেবে না। এখন আমরা বিশ্রাম নেব। এই ম্যাচ থেকে শিক্ষা নেব এবং পরের ম্যাচের প্রস্তুতি শুরু করব। কেপ ভার্দেকে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অভিনন্দন।’
মেসির এই কথাতেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, কিছু ভুল হয়েছে তাদের খেলায়। পরে ১২০ মিনিটের লড়াই নিয়ে মেসি বলেছেন, ‘আমরা আগেই জানতাম কঠিন ম্যাচ খেলতে হবে। এই দলটা স্পেন এবং উরুগুয়েকে আটকে দিয়েছিল। সেগুলো কোনো কাকতালীয় ঘটনা ছিল না। প্রথম গোল করাটাই ছিল সবচেয়ে কঠিন। সেটা আমরা করতে পেরেছি। এগিয়ে যাওয়ার পর ভেবেছিলাম, এবার হয়তো লড়াই কিছুটা সহজ হবে। ঠান্ডা মাথায় নিজেদের খেলা খেলতে পারব, কিন্তু ঠিক উল্টা ঘটনা ঘটল।’
মেসি মেনে নিয়েছেন তারা প্রত্যাশিত ফুটবল খেলতে পারেননি। আর্জেন্টিনার অধিনায়ক বলেছেন, ‘কেপ ভার্দে ওদের পরিকল্পনা এবং দক্ষতার দুর্দান্ত ব্যবহার করেছে। মনে হচ্ছিল কাজটা একটু কঠিনই হবে। নকআউট ম্যাচে চাপ থাকেই। সহজে কিছু পাওয়া যায় না। কেউ কেউ হয়তো নাম শুনে কোনো দেশের দলকে কম গুরুত্ব দিতে পারে। আমরা এ সব নিয়ে ভাবি না। কঠিন লড়াই করতে হবে ভেবেই মাঠে নেমেছিলাম।’
মেসি আরো বলেছেন, ‘এটাই বিশ্বকাপের সৌন্দর্য্য। ব্যবধান খুব কম। এই পর্যায়ে প্রতিটি ম্যাচই কঠিন। ভালো খেললেও প্রচুর পরিশ্রম করতে হয়। আবার নিজেদের সেরাটা দিতে না পারলে আরো বেশি খাটতে হয়।’
বিশ্বকাপের রাউন্ড অফ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসর।
সূত্র : আনন্দবাজার পত্রিকা



