ওয়ানডে অভিষেকেই ইতিহাস গড়লেন জর্ডান হারমান। তার রেকর্ডগড়া ১৫০ রানের দুর্দান্ত ইনিংসের পর নামিবিয়াকে ৯৯ রানে হারিয়ে সিরিজে দারুণ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা।
নামিবিয়ার মাটিতে টস জিতে আগে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৮ রানের বিশাল সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে ঝড় তোলেন অভিষিক্ত হারমান। ১২৬ বলে ১৫০ রানের ইনিংসে তিনি হাঁকান ১৭টি চার ও ৩টি ছক্কা।
হারমানের এই ইনিংসটি তাকে নিয়ে গেছে রেকর্ডের পাতায়। ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ডটি এর আগে গড়েছিলেন দক্ষিণ আফ্রিকারই ম্যাথিউ ব্রিৎজকে।
২০২৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে তিনি করেছিলেন ১৫০ রান। এবার সমান ১৫০ রান করে সেই রেকর্ডে ভাগ বসালেন হারমান।
হারমানের সাথে দারুণ জুটি গড়েন টনি ডি জর্জি। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ রান করেন তিনি। দুজনের ব্যাটে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় প্রোটিয়ারা।
৩৪৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে নামিবিয়ার শুরুটা অবশ্য মন্দ ছিল না। উদ্বোধনী জুটিতে তারা যোগ করে ৫১ রান। কিন্তু রান তোলার গতি ছিল বেশ ধীর। এরপর দক্ষিণ আফ্রিকার বোলারদের চাপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।
দুই দফা বৃষ্টির কারণে ম্যাচের সমীকরণও বদলে যায়। নামিবিয়ার নতুন লক্ষ্য দাঁড়ায় ৩১ ওভারে ২৬২ রান। কিন্তু সেই লক্ষ্যও তাদের নাগালের বাইরে ছিল। নির্ধারিত ৩১ ওভারে ৮ উইকেটে ১৬২ রানেই থামে নামিবিয়ার ইনিংস।
দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সবচেয়ে সফল প্রেনেলান সুবরায়েন। মাত্র ৬ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি।
শেষ পর্যন্ত হারমানের ইতিহাসগড়া অভিষেক আর সুবরায়েনের দুর্দান্ত বোলিংয়ে ডিএলএস পদ্ধতিতে ৯৯ রানের বড় জয় পায় দক্ষিণ আফ্রিকা।



