এশিয়ান গেমসের মঞ্চে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে টাইগারদের ক্যাম্প। তবে প্রথম দিনের অনুশীলনে পাওয়া যায়নি পুরো স্কোয়াডকে।
বিভিন্ন কারণে কয়েকজন ক্রিকেটার ছিলেন অনুপস্থিত। ছুটিতে থাকা পেসার শরিফুল ইসলাম ১৫ সেপ্টেম্বর দলের সাথে যোগ দেয়ার কথা রয়েছে। অন্যদিকে ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে খেলতে থাকা হাসান মাহমুদ এখনো দেশে ফেরেননি।
এদিকে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে থাকা ক্রিকেটাররাও প্রথম দিনের ক্যাম্পে ছিলেন না। দুই ম্যাচের চারদিনের সিরিজ ও তিন ম্যাচের আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজ শেষ করে রোববারই তাদের দেশে ফেরার উদ্দেশে দক্ষিণ আফ্রিকা ছাড়ার কথা রয়েছে।
জাপানের আইচি ও নাগোয়ায় বসবে এবারের এশিয়ান গেমস। ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে আসরটি চলবে ৪ অক্টোবর পর্যন্ত। পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা মাঠে গড়াবে ২৪ সেপ্টেম্বর।
র্যাঙ্কিংয়ের সুবিধায় বাংলাদেশ সরাসরি জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। অর্থাৎ গ্রুপ পর্বের লড়াই ছাড়াই শেষ আটে নামবে টাইগাররা। ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে হংকং, মালয়েশিয়া কিংবা ওমানের যেকোনো একটি দল। ‘বি’ গ্রুপে থাকা এই তিন দলের মধ্যে যে দল গ্রুপসেরা হবে, কোয়ার্টার ফাইনালে তারাই মুখোমুখি হবে বাংলাদেশের।
এশিয়ান গেমসের আগে তাই হাতে থাকা সময়টুকু কাজে লাগিয়ে পূর্ণ স্কোয়াড নিয়ে নিজেদের প্রস্তুত করাই বাংলাদেশের মূল লক্ষ্য। দেশের বাইরে থাকা ক্রিকেটাররা ফিরলে অনুশীলনে যোগ হবে পূর্ণতা, আর সেখান থেকেই বড় মঞ্চে নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে নামতে চাইবে টাইগাররা।


