এক যুগের গেরো কাটল মুম্বাইয়ের। ফুরাল ১৩ বছরের জয়খরা। ২০১২ সালের পর প্রথমবার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচেই জয়ের দেখা পেল টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাজয়ীরা।
ওয়াংখেড়েতে রোববার কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে মুম্বাই। আগে ব্যাট করে ২২০ রানের বড় পুঁজি পায় কলকাতা। যা ৫ বল বাকি থাকতেই পেরিয়ে যায় পাঁচবারের চ্যাম্পিয়নরা।
আইপিএল ইতিহাসে এটিই মুম্বাইয়ের সর্বোচ্চ রান তাড়া করে জয়। এর আগে ২০২১ সালের টুর্নামেন্টে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ২১৯ রান তাড়া করে জিতেছিল দলটি।
আর এই জয়ে ১৩ বছরের অপেক্ষা ঘুচিয়ে আসরে নিজেদের প্রথম ম্যাচেই জিতল মুম্বাই। মাঝে মুম্বাই ৫ বার শিরোপা জিতলেও কখনো আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় পায়নি তারা।
আজিঙ্কা রাহানের ৪০ বলে ৬৭ ও আংক্রিশ রাঘুবংশীর ২৯ বলে ৫১ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ২২০ রান করে কলকাতা। এছা ফিন অ্যালেন ১৭ বলে ৩৭ ও ২১ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন রিঙ্কু সিং।
রান তাড়ায় রায়ান রিকেলটনকে নিয়ে ১৪৮ রানের ওপেনিং জুটি গড়েন রোহিত শর্মা। প্রায় ৯ মাস পর টি-টোয়েন্টি খেলতে নেমে মাত্র ২৩ বলে আইপিএল ক্যারিয়ারের ৫০তম ফিফটি করেন রোহিত।
আইপিএলে এটিই তার দ্রুততম ফিফটি। দ্বাদশ ওভারে বৈভব অরোরার বলে ছক্কা মারতে গিয়ে আউট হন রোহিত। আউট হওয়ার আগে ৬টি করে চার-ছক্কায় ৩৮ বলে তিনি করেন ৭৮ রান।
তাতে রোহিত গড়েছেন দারুণ এক রেকর্ড। আইপিএলে কোনো এক প্রতিপক্ষের বিপক্ষে সর্বাধিক রান এখন তার। কলকাতার বিপক্ষে ১১৬১ রান নিয়ে পেছনে ফেলেছেন পাঞ্জাব কিংসের বিপক্ষে ১১৫৯ রান করা বিরাট কোহলিকে।
অন্যদিকে ১৫তম ওভারে দলীয় ১৮৪ রানে আউট হন রায়ান রিকেলটন। ৪৩ বলে ৮১ রান করে শেষ হয় তার ইনিংস। এরপর তিলক ভার্মার ২০ ও হার্দিক পান্ডিয়ার ১৮ রান সহজ জয় এনে দেয় মুম্বাইকে।



