‘ভারতের জাতীয় সম্পদ বুমরাহ’

ম্যান অব দ্য ফাইনালই শুধু নয়, আরেকবার ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার তিনি পেলেও অবাক করার মতো হতো না। তা না পেলেও সবার মন জিতে নিয়েছেন বুমরাহ। তার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়কও।

নয়া দিগন্ত অনলাইন
ফাইনালে দুর্দান্ত বল করেছেন বুমরাহ
ফাইনালে দুর্দান্ত বল করেছেন বুমরাহ |সংগৃহীত

গত বিশ্বকাপে ছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। এবারের আসরেও সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। জিতেছেন ম্যান অব দ্য ফাইনালের ট্রফি। সব মিলিয়ে বুমরাহ হয়ে উঠেছেন ভারতের জাতীয় সম্পদ।

ভারতের এক যুগের শিরোপা খরা কাটে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। যার নায়ক ছিলেন জাসপ্রিত বুমরাহ। এবারের বিশ্বকাপেও ছিলেন অদম্য, আসরের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি।

তবে বুমরাহ আসল কাজটা করেছেন ফাইনালে। ঘরের মাঠে দেশকে বিশ্বজয়ের তৃপ্তি এনে দেন তিনি। ১৫ রানে ৪ উইকেট নিয়ে দলকে এনে দেন শিরোপা, নিজেও জিতেছেন ফাইনাল সেরার পুরস্কার।

ফাইনালের ভেন্যু আহমেদাবাদেরই সন্তান বুমরাহ, এই আলো-হাওয়ায় বেড়ে উঠেছেন, এই ধুলোবালিতে মাখামাখি হয়েছেন। ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ হতে পেরে তার আনন্দ যেন বাঁধ মানছে না।

ক্রিকেটজীবনের একটা বৃত্ত পূর্ণ করলেন বুমরাহ। একটি আক্ষেপও মিটেছে তার। গত ওয়ানডে বিশ্বকাপে আহমেদাবাদেই শিরোপা হাতছাড়া কর‍তে হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে, তবে এবার আর তা হয়নি।

শিরোপা জয়ের পর বুমরাহ বলেন, ‘খুবই স্পেশাল অনুভূতি। ঘরের মাঠে আগেও ফাইনাল খেলেছি, কিন্তু জিততে পারিনি। এবার সত্যিই স্পেশাল কিছু মনে হচ্ছে। খুবই উজ্জীবিত ছিলাম আমি, ভাবনায় স্বচ্ছ ছিলাম।’

এবারের বিশ্বকাপের উইকেটগুলো ছিল প্রায় বধ্যভূমি, ফাইনালেও তাই। এই প্রসঙ্গে বুমরাহ বলেন, ‘উইকেট ছিল নিষ্প্রাণ, তবে আমি তো এখানে অনেক খেলেছি, সব অভিজ্ঞতা ঢেলে দিয়েছি এখানে।’

তিনি বলেন, ‘এর চেয়ে বেশি খুশি আর হতে পারতাম না। বিশ্বকাপ ফাইনালে ম্যাচ-সেরা, এর চেয়ে স্পেশাল কিছু আর হতে পারত না। এখান থেকেই ক্রিকেটের শুরু আমার। এর চেয়ে ভালো কিছু আর হয় না।’

ম্যান অব দ্য ফাইনালই শুধু নয়, আরেকবার ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার তিনি পেলেও অবাক করার মতো হতো না। তা না পেলেও সবার মন জিতে নিয়েছেন বুমরাহ। তার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়কও।

ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলছেন, ‘এক প্রজন্মে এরকম বোলার একজনই আসে। এই মুহূর্তে আমি ওকে জাতীয় সম্পদ বলতেই পারি।’