হোয়াইটওয়াশের শঙ্কায় অস্ট্রেলিয়া, একাদশে আনছে পরিবর্তন

মান বাঁচাতে মরিয়া অজিরা বদলে ফেলছে একাদশ। প্রথম টেস্ট শেষ হতেই ভেঙে দেয়া হয়েছে অ্যাশেজজয়ী অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি।

নয়া দিগন্ত অনলাইন
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের জয় বাংলাদেশের
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের জয় বাংলাদেশের |সংগৃহীত

ডারউইনে ৯ উইকেটের বড় হারের ক্ষত এখনো শুকায়নি অস্ট্রেলিয়ার। তবে এর মাঝেই অজিরা চেষ্টা করছে ঘুরে দাঁড়াতে। প্রথম টেস্টে এমন পরাজয়ের পর সিরিজ বাঁচাতে একাদশে পরিবর্তনের পথে হাঁটছে প্যাট কামিন্সের দল।

প্রথম টেস্টের মতো ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে হারলে অবশ্য শুধু সিরিজ নয়, অস্ট্রেলিয়ার সামনে দাঁড়িয়ে যাবে আরো বড় লজ্জা।বাংলাদেশের কাছে প্রথমবারের মতো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হবে স্বাগতিকেরা।

এমতাবস্থায় মান বাঁচাতে মরিয়া অজিরা বদলে ফেলছে একাদশ। প্রথম টেস্ট শেষ হতেই ভেঙে দেয়া হয়েছে অ্যাশেজজয়ী অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি। ডারউইনে ২৩ ও ০ রানে ফেরা জেক ওয়েদারাল্ডকে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ দেয়া হয়েছে।

ওয়েদারাল্ডের ব্যর্থতা অবশ্য হঠাৎ আসেনি। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজেই এলবিডব্লিউ ও বোল্ড হওয়ার সমস্যায় পড়েছিলেন তিনি। সমস্যা কাটাতে ব্যাটিং টেকনিকেও কিছুটা পরিবর্তন এনেছিলেন।

কিন্তু ডারউইনে নিজের শহরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সেটির কোনো প্রতিফলন দেখা যায়নি। তাই তাকে সরিয়ে দিলেন নির্বাচকেরা। তার জায়গায় দলে ফিরেছেন ম্যাথু রেনশ।

গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ট্র্যাভিস হেডের সাথে ইনিংস উদ্বোধনের দৌড়ে এখন সবচেয়ে এগিয়ে এই বাঁহাতি ব্যাটার। অবশ্য ওপেনিংয়েয়ের দৌঁড়ে আছেন ১৩ সদস্যের দলে আগে থেকেই থাকা জশ ইংলিসও।

৩১ বছর বয়সী এই ব্যাটার সাধারণত পাঁচ নম্বর বা তার নিচে ব্যাট করেন। তবে তার ওপেনিংয়ে খেলার অভিজ্ঞতাও আছে। গত নভেম্বরে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে ওপেন করতে নেমে ৪০ ও ১২৫* রানের বড় ইনিংসও খেলেন।

তবু প্রচলিত পছন্দের বিচারে রেনশই এগিয়ে ইংলিসের চেয়ে। আরো একটি কারণ আছে, যে মাঠে বাংলাদেশের বিপক্ষে তার টেস্ট অভিষেক হতে পারে, উত্তর কুইন্সল্যান্ডের সেই মাঠে প্রথম শ্রেণির ক্রিকেটে দু’টি সেঞ্চুরি রয়েছে তার।

অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা অবশ্য শুধু ওপেনিংয়ে নয়। তিন নম্বর পজিশন নিয়েও প্রশ্ন উঠেছে। ডারউইন টেস্টে ১ ও ৩১ রান করা মার্নাস লাবুশেন স্কোয়াডে থাকলেও দ্বিতীয় টেস্টে তার জায়গা নিশ্চিত নয়। এমতাবস্থায় তার জায়গাও নিতে পারেন ইংলিস।

সাম্প্রতিক সময়ে ব্যাটিং অর্ডার নিয়ে অস্ট্রেলিয়া যে প্রচলিত ধ্যানধারণার বাইরে গিয়ে ভাবছে, তার সবচেয়ে বড় উদাহরণ অ্যাশেজ। সেখানে পাঁচ নম্বর থেকে ট্র্যাভিস হেডকে ওপেনিংয়ে তুলে আনা হয়েছিল।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও সেই সাহসী সিদ্ধান্তের পুনরাবৃত্তি দেখা যেতে পারে। তবে এই পরিবর্তন শুধু কৌশলগত সিদ্ধান্ত নয়, বলা যায় ডারউইনের ধাক্কার পর নিজেদের নতুন করে সাজানোর মরিয়া চেষ্টা।

অস্ট্রেলিয়া স্কোয়াড

প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বেউ ওয়েবস্টার।