প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি নাঈম শেখ। ১১ ও ৫ রানে আউট হন তিনি। তবে তৃতীয় ম্যাচেই জানান দিলেন নিজের উপস্থিতি। দুর্দান্ত এক শতক তুলে নিয়েছেন তিনি।
রোববার (১০ মে) ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৩৬ বলে ১২ ছক্কা ও ৫ চারে ১৪৫ রানের ইনিংস খেলেন নাঈম। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার ১১তম সেঞ্চুরি এটি।
এছাড়া ছয় নম্বরে নেমে ৪৪ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেন ইয়াসির আলি। তবে, ভালো শুরু পেয়ে ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক তাওহীদ হৃদয় (২১ বলে ৩৫) ও পারভেজ ইমন (৫৬ বলে ৪৬)।
ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে এদিন ৬ উইকেটে ৩৪৫ রান করে মোহামেডান। জবাবে ১৬.৫ ওভারে রূপগঞ্জ ৫ উইকেটে ৫৩ রান করার পর বৃষ্টি নামলে আর খেলা হয়নি। সোমবার (১১ মে) রিজার্ভ ডেতে হবে বাকি ম্যাচ।
মোহামেডানের হয়ে ৫ ওভারে ২৪ রানে ৪ উইকেট নিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরি।
অন্যদিকে বৃষ্টি বাগড়া দিয়েছে দিনের বাকি পাঁচ ম্যাচেও। যেখানে ৪ ম্যাচে ফল এলেও আবাহনী লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচও গড়িয়েছে রিজার্ভ ডেতে। বাকি অংশ খেলা হবে আগামীকাল।
এর আগে, আবাহনী ৬ উইকেটে তোলে ২৮৩ রান। আবাহনীর হয়ে মাহিদুল ইসলাম ১১৩ বলে সর্বোচ্চ ৮৩ রান করেন। এছাড়া এস এম মেহরাব ৭৬ বলে ৭৭ ও ৪০ বলে ৬২ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন।
জবাবে ব্রাদার্স ১২ ওভারে ১ উইকেটে ৪৯ রান করার পর আর খেলা হয়নি। সোমবার আসরে প্রথম জয় তুলে নেয়ার লক্ষ্যে নামবে আবাহনী। এর আগে, প্রথম দুই ম্যাচেই হেরেছিল তারা।
দিনের আরেক ম্যাচে লিওপার্ডসের হয়ে সেঞ্চুরি করেন জাকির হাসান। ১৩৪ বলে ১৩৭ রান করেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার পঞ্চম সেঞ্চুরি এটি। তাতেও অবশ্য তার দল জিততে পারেনি।
৯ উইকেটে লিওপার্ডসের করা ৩০৯ রানের জবাবে সিটি ক্লাব ২০.১ ওভারে ১ উইকেটে ৯৬ রান করার পর বৃষ্টিতে আর খেলা হয়নি। তখন ডিএলএস পদ্ধতিতে ১ রানে এগিয়ে ছিল তারা। ফলে জিতে যায় সিটি ক্লাব।
৮ চারে ৬৪ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হন সিটির মিজানুর রহমান।



