প্রথম বাংলাদেশী হিসেবে এসএ টোয়েন্টিতে খেলবেন রিশাদ

প্রথম বাংলাদেশী হিসেবে এসএ টোয়েন্টিতে খেলবেন রিশাদ। গত মৌসুমে তাইজুল একটি দলে সুযোগ পেলেও শেষ পর্যন্ত খেলা হয়নি তার।

নয়া দিগন্ত অনলাইন
লেগ স্পিনার রিশাদ হোসেন
লেগ স্পিনার রিশাদ হোসেন |নয়া দিগন্ত অনলাইন

বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন এবার খেলবেন দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টি। ২০২৬-২৭ মৌসুমের জন্য সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে দুইবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ।

এটাই হবে এসএ টোয়েন্টিতে রিশাদের অভিষেক। এর মাধ্যমে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে মাঠে নামতে যাচ্ছেন তিনি। যদিও গত মৌসুমে তাইজুল ইসলাম একটি দলে সুযোগ পেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত টুর্নামেন্টে খেলা হয়নি তার।

রিশাদের দলে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। একইসাথে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শকে। দলটির ব্যাটিং কোচের ভূমকায় আছেন রাসেল ডমিঙ্গো।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পান ২৪ বছর বয়সী এই লেগ স্পিনার। চলতি বছর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে ১২ উইকেট শিকার করেন তিনি।

এরপর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়ে ১১ ইনিংসে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী স্পিনারদের একজন ছিলেন। সেবার বিগ ব্যাশে অংশ নেয়ার জন্য বিপিএল খেলেননি তিনি।

এসএ টোয়েন্টির নতুন মৌসুম শুরু হবে আগামী ৯ জানুয়ারি ও ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি। একই সময়ে আছে বিপিএল আয়োজনের সম্ভাবনাও। এসএ টোয়েন্টিতে খেললে টানা দ্বিতীয়বারের মতো বিপিএল মিস করতে পারেন রিশাদ।

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি বিশ্বের অন্যতম জনপ্রিয় তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগ—পিএসএল, বিগ ব্যাশ ও এসএ টোয়েন্টিতে সুযোগ পাওয়া রিশাদের ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।