চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেও দাপট ধরে রেখেছে বাংলাদেশ। সব শঙ্কা উড়িয়ে বড় লিডের পথে টাইগাররা। দলীয় সংগ্রহ ইতোমধ্যে ছাপিয়ে গেছে চার শ’ রানের গণ্ডি। মধ্যাহ্ন বিরতির আগে লিড বেড়ে দাঁড়িয়েছে ১৭৭ রান।
আজ বুধবার ৭ উইকেটে ২৯১ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির আগে টাইগারদের প্রথম ইনিংসের পুঁজি পৌঁছেছে ৮ উইকেটে ৪০৪ রানে। ফিফটি তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
আগের দিন খেলা শেষে সংবাদ সম্মেলনে সাদমান ইসলাম বলেছিলেন, লিডটা তিন অঙ্কের ঘরে নিয়ে যেতে চান তারা। মিরাজ আর তাইজুল ইসলামের ওপর ভরসা আছে তার।
সেই ভরসা রাখলেন দু’জনেই। তাদের জুটিতে অনায়াসেই পেরিয়ে যায় ৩০০ রানের গণ্ডি। কোনো বিপদ ছাড়াই দলকে এনে দেন শতরানের লিড। দলীয় ৩৪২ রানের মাথায় ব্যক্তিগত রানে ফেরেন তাইজুল। ভাঙে ৬৩ রানের জুটি।
তবে তা বিপদের কারণ হয়নি। অভিষিক্ত পেসার তানজিম সাকিব ব্যাট হাতেও বেশ সঙ্গ দিচ্ছেন মিরাজকে। দু’জনের জুটিতে রান আসছে বেশ। বিরতির আগে যোগ করে ফেলেছেন ৬২ রান।
১০৯ বলে ১০ চারে ৭৬ রানে ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ। তানজিম হাসান খেলছেন ৫৭ বলে এক ছক্কায় ২৯ রানে। এখন দেখার বিষয় দু’জনে মিলে ইনিংসটাকে কতদূর টানতে পারেন।
উল্লেখ্য, চট্টগ্রামে চলছে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। যেখানে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২২৭ রান করে জিম্বাবুয়ে। ৬ উইকেট নেন তাইজুল ইসলাম।



