ইনজুরির কারণে বোলিং আক্রমণ কিছুটা দুর্বল হওয়ার পরও, আসন্ন টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার ২০টি উইকেট শিকারে নিজের দলের বোলারদের ওপর আস্থা রেখেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ইনজুরির কারণে পেসার নাহিদ রানা, বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম এবং উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসকে ছাড়াই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ দল।
বৃহস্পতিবার সাংবাদিকদের শান্ত বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমাদের প্রত্যাশা থাকবে, পেসাররা যেন ২০ উইকেট শিকার করে। আমাদের দুজন অভিজ্ঞ স্পিনারও আছে, যারা তাদের সহায়তা করবে।’
তিনি আরো বলেন, ‘এই দলের পেসাররা বেশ দক্ষ। মুশফিক হাসান ছাড়া বাকি সবাই দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। তারা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী বল করতে পারে, তবে আমাদের পক্ষে ২০টি উইকেট নেয়া সম্ভব।’
অধিনায়ক জানান, দলের নিয়ন্ত্রণের বাইরের বিষয় ইনজুরি এবং যারা দলে সুযোগ পেয়েছে তাদের ভালো করার সামর্থ্য আছে।
শান্ত বলেন, ‘ইনজুরি আসলে আমাদের নিয়ন্ত্রণের বাইরে। যেকোনো খেলোয়াড় যেকোনো সময় ইনজুরিতে পড়তে পারেন। তবে অস্ট্রেলিয়াগামী দলের ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমি বিশ্বাস করি, তারা ভালো ক্রিকেট খেলতে পারবে। এর চেয়ে ভালো কোনো খেলোয়াড় থাকতে পারত কি না, সেটা নিয়ে ভাবাটা যৌক্তিক হবে না। আসল বিষয় হলো, এই দল নিয়ে আমরা কতটা ভালো খেলতে পারি এবং খেলোয়াড়দের ওপর আমার কতটা আস্থা আছে।’
চোটের কারণে দলের বাইরে থাকা তিন খেলোয়াড়ের গুরুত্ব স্বীকার করে শান্ত জানান, তাদের অনুপস্থিতি অন্যদের প্রমাণ করার সুযোগ তৈরি করে দিয়েছে।
টাইগার দলনেতা বলেন, ‘রানা, শরিফুল ও লিটন দাস নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে দলে যারা আছেন, তারাও বহু বছর ধরে খেলছেন। যারা খেলার সুযোগ পাবেন, তাদের জন্য এটি অনেক বড় সুযোগ।’
তিনি আরো বলেন, ‘অধিনায়ক হিসেবে সবসময়ই সেরা খেলোয়াড়দের পাওয়া যাবে, এমনটা আশা করা ঠিক হবে না। যারা দলে নির্বাচিত হয়েছেন, তাদের ওপর আমার পূর্ণ আস্থা আছে।’
দুই দশকেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়া সফর না করলেও সেখানকার পরিস্থিতির সাথে দ্রুত মানিয়ে নেয়া হবে সাফল্যের চাবিকাঠি, এমনটাই মনে করেন শান্ত।
তিনি বলেন, ‘এখান থেকে সেখানকার পরিস্থিতি সম্পর্কে ধারণা করা কঠিন। সেখানে পৌঁছানোর পর আমরা বুঝতে পারব, সেখানে কি অবস্থা। পরিস্থিতি যেমনই হোক, পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে।’



