অনুশীলনে মাথায় আঘাত পেয়েছেন নাঈম, আছেন পর্যবেক্ষণে

আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তিন দিনের অনুশীলন শেষে ১৭ এপ্রিল মিরপুরে শুরু হবে ওয়ানডে সিরিজ। ২০ এপ্রিল দ্বিতীয় ও ২৩ এপ্রিল চট্টগ্রামে হবে শেষ ওয়ানডে।

নয়া দিগন্ত অনলাইন
স্পিনার নাঈম হাসান
স্পিনার নাঈম হাসান |ফাইল ছবি

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড দল। সেই সিরিজকে সামনে রেখে ঈদের ছুটি শেষে শুরু হয় স্ট্রেন্থ ও কন্ডিশনিং ক্যাম্প।

মিরপুরে চলা এই অনুশীলন ক্যাম্পেই রোববার বলের আঘাতে মাথায় গুরুতর চোট পেয়েছেন স্পিনার নাঈম হাসান। প্রাথমিক অবস্থায় গুরুতর মনে হলেও, জানা গেছে এখন ভালো আছেন তিনি।

জানা গেছে- জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্ট্রেন্থ ও কন্ডিশনিং ক্যাম্পের অংশ হিসেবে খেলোয়াড়দের নিয়ে ফিল্ডিং ড্রিল করছিলেন কোচ জেমস প্যামেন্ট। এ সময় একটি ক্যাচ তালুবন্দী করতে গিয়ে মাথায় লাগে নাঈমের।

সাথে সাথে তাকে এসে পর্যবেক্ষণ করেন জাতীয় দলের ফিজিও। এ সময় নাঈমের শারীরিক প্রতিক্রিয়ায় ব্যথা খানিকটা গুরুতর মনে হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তাই নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে।

তবে এই অফস্পিনারের এখন বেশ ভালো অবস্থায় আছেন বলে জানা গেছে। বিসিবির ফিজিও দেবাশিষ চৌধুরী জানান, এখন বেশ ভালো অবস্থায় আছেন নাঈম। চোট নিয়ে শঙ্কার কিছু নেই।

সংবাদমাধ্যমকে দেবাশিষ বলেন, ‘মাথার চোটের ক্ষেত্রে আমরা ১২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখি। তাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদি খারাপ কিছু মনে হয়, তাহলে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। প্রাথমিক পর্যবেক্ষণে তেমন গুরুতর কিছু মনে হচ্ছে না।’

উল্লেখ্য, চলমান এই স্ট্রেন্থ এবং কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিয়েছেন ৩৭ জন ক্রিকেটার। কিউই সিরিজের প্রস্তুতি মূল লক্ষ্য হলেও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজও রয়েছে পরিকল্পনায়।

তবে পিএসএলে খেলার কারণে জাতীয় দলের ছয়জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার ক্যাম্পে যোগ দিতে পারেননি। তারা হলেন- মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম।

তবে পিএসএল মিশন শেষ করেই তারা সরাসরি জাতীয় দলের সাথে যুক্ত হবেন বিভিন্ন পর্যায়ে।

প্রসঙ্গত, আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তিন দিনের অনুশীলন শেষে ১৭ এপ্রিল মিরপুরে শুরু হবে ওয়ানডে সিরিজ। ২০ এপ্রিল দ্বিতীয় ও ২৩ এপ্রিল চট্টগ্রামে হবে শেষ ওয়ানডে।

এরপর একই মাঠে ২৭ ও ২৯ এপ্রিল সিরিজের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ২ মে ঢাকায় তৃতীয় ও শেষ ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি সিরিজের সমাপ্তি হবে।