টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগেই অধিনায়ককে হারিয়ে ফেলল অস্ট্রেলিয়া। চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই নেই অধিনায়ক মিচেল মার্শ।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অংশ নিলেও, বুধবার কলম্বোতে টসের মাত্র ১৫ মিনিট আগে তার ম্যাচ না খেলার খবর প্রকাশ পায়। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ডাকা হয়েছে স্টিভেন স্মিথকে।
অস্ট্রেলিয়া ক্রিকেট (সিএ) এক বিবৃতিতে জানিয়েছে, অনুশীলনের সময় কুঁচকিতে আঘাত পান মার্শ। পরবর্তী স্ক্যানে তার অণ্ডকোষে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়ে।
বিবৃতিতে বলা হয়, ‘মার্শ চলমান ব্যথা ও অস্বস্তির কারণে স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারছেন না। স্ক্যানে অভ্যন্তরীণ রক্তক্ষরণ নিশ্চিত হয়েছে। তাকে নির্দিষ্ট সময় বিশ্রাম ও পুনর্বাসনে থাকতে হবে। এরপর উপসর্গের উন্নতি ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মাঠে ফেরার সিদ্ধান্ত নেয়া হবে।’
বিবৃতিতে আরো জানানো হয়, ‘স্ট্যান্ডবাই খেলোয়াড় স্টিভেন স্মিথ প্রয়োজন হলে প্রস্তুত থাকবেন ও কন্ডিশনের সাথে মানিয়ে নিতে শ্রীলঙ্কায় আসছেন।’
মার্শের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া কার্যত ১২ জন খেলোয়াড় থেকে একাদশ বেছে নিতে বাধ্য হয়েছে। কেননা জশ হ্যাজলউডও ইতোমধ্যে ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে।
রিজার্ভ হিসেবে শন অ্যাবট শ্রীলঙ্কায় থাকলেও তিনি এখনো আনুষ্ঠানিক স্কোয়াডের অংশ নন। অন্যদিকে বিগ ব্যাশে পাওয়া চোট থেকে এখনো পুরোপুরি ফিট নন টিম ডেভিড।



