জাতীয় দলে ফেরা নিয়ে গুঞ্জনের মাঝেই নতুন ফ্রাঞ্চাইজি লিগে নাম লেখালেন সাকিব আল হাসান। সুইডেনের নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টিতে খেলবেন সাবেক নাম্বার ওয়ান অলরাউন্ডার।
সুইডেনে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টি। এ টুর্নামেন্টে উপসালা টাইগার্স-এর হয়ে খেলবেন সাকিব আল হাসান।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে সাকিবকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে উপসালা টাইগার্স কর্তৃপক্ষ।
শনিবার (২৮ মার্চ) নিজেদের ফেসবুক পেজে সাকিবের একটি ছবি পোস্ট করে তারা জানিয়েছে, ড্রাফটের আগেই সবচেয়ে প্রতীক্ষিত সাইনিং হিসেবে সাকিবকে দলে নেয়া হয়েছে।
আগামী গ্রীষ্মেই মাঠে গড়াবে নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টির প্রথম মৌসুম। ১৫ জুন উদ্বোধনী ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। আর ২০ জুন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে প্রতিযোগিতার।
এ টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক ক্রিকেটার মুনাফ প্যাটেল।
প্রথম আসরে মোট ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। সাকিব ছাড়াও টুর্নামেন্টে খেলবেন পরিচিত আরো কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটার। আছেম শ্যানন গ্যাব্রিয়েল, খ্যারি পিয়েরে, টম ব্রুস ও শেলডন কটরেল।



