পিএসএলে ৩ কোটি রুপিতে নতুন ঠিকানায় রিশাদ

পিএসএল নিলামে ৩ কোটি রুপিতে রাওয়ালপিণ্ডিতে যোগ দিয়েছেন রিশাদ হোসেন; করাচির সাথে লড়াইয়ে তাকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজি, তবে মেহেদী হাসান মিরাজসহ বেশ কয়েকজন বাংলাদেশী ক্রিকেটার দল পাননি।

নয়া দিগন্ত অনলাইন
রিশাদ হোসেন
রিশাদ হোসেন |সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নতুন ঠিকানা পেলেন রিশাদ হোসেন। তাকে দলে ভিড়িয়েছে রাওয়ালপিণ্ডি। করাচির সাথে দীর্ঘ লড়াই করে ৩ কোটি রুপিতে রিশাদকে পেয়েছে তারা।

পিএসএলে গত আসরে অভিষেক হয় রিশাদ হোসেনের। খেলেন লাহোর কালান্দার্সের হয়ে। বল হাতে আলো কাড়েন বেশ, ছিলেন দলের সেরা বোলারদের একজন, নিয়েছিলেন ১৩ উইকেট।

তবে এবারের আসরে তাকে রিটেইন করেনি লাহোর। এমনকি এবার নিলামেও রিশাদকে নিতে আগ্রহ দেখায়নি দলটি। তবে তাকে নিয়ে লড়াই হয় করাচি কিংস ও রাওয়ালপিন্ডির মাঝে।

নিলামে রিশাদের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। করাচির সাথে লড়াই করে শেষ পর্যন্ত যেখানে এই বাংলাদেশী তারকাকে দলে ভেড়ায় রাওয়ালপিন্ডি।

এবারের নিলাম থেকে আরো বেশ কয়েকজন বাংলাদেশী তারকা ক্রিকেটারদের দেখা যেতে পারে পিএসএলে। মোট ৫৩ জন বাংলাদেশী নাম দিয়েছে নিলামে।

যদিও ইতোমধ্যে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নাম উঠেছে নিলামে। তার ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ রুপি। তবে এই দামেও তাকে নিতে আগ্রহ দেখায়নি কোনো দল।