সিরিজ বাঁচানোর মিশনে আজ শনিবার মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে টাইগাররা। চট্টগ্রামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের সাথে পেরে উঠেনি বাংলাদেশ। ফলে আজকের ম্যাচটা ডু অর ডাই। জিতলে বেঁচে থাকবে সিরিজ জয়ের সম্ভাবনা, হারলে এক ম্যাচ হাতে রেখেই হাতছাড়া হবে সিরিজ।
এদিকে এই ম্যাচে নামার আগে বাংলাদেশের বড় মাথাব্যথার কারণ প্রথম ম্যাচে হারের ধরন। ব্যাটে-বলে একেবারেই নিষ্প্রভ ছিলেন সাইফ হাসান-শরিফুল ইসলামরা। এমতাবস্থায় একাদশে আসতে পারে পরিবর্তন।
একাদশে ফিরতে পারেন মোহাম্মদ সাইফুদ্দীন। তাকে রেখেই গত ম্যাচে একাদশ সাজিয়েছিল টাইগাররা। আজ তাই সাইফুদ্দীনকে নিয়ে ব্যাটে-বলে শক্তি বাড়াতে চায় বাংলাদেশ।
এদিকে গত ম্যাচে টপঅর্ডার ছিল ব্যর্থ। মাত্র ১৮ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। তবুও অপরিবর্তিত থাকতে পারে ব্যাটিং অর্ডার। পরিবর্তন আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে জাকের আলীর জায়গায় অভিষেক হতে পারে মাহিদুল ইসলামের।
সম্ভাব্য বাংলাদেশ একাদশ
তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান ও সাইফুদ্দীন।



