বিশ্বকাপে না খেলার তদন্ত প্রতিবেদন আসছে আগামী সপ্তাহে

প্রতিমন্ত্রী জানান, তদন্ত প্রতিবেদন পেশ করার দায়িত্বে থাকা ব্যক্তি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফিরলেই প্রতিবেদনটি উপস্থাপন করা হবে। তার ভাষায়, ‘যিনি তদন্ত রিপোর্টটা পেশ করবেন তিনি এখন দেশের বাইরে আছেন। তিনি আসা মাত্রই পরবর্তী সপ্তাহে আপনাদের সামনে উপস্থাপন করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল |সংগৃহীত

গত ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তের পেছনে নিরাপত্তা শঙ্কা কতটা ছিল, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ ছিল—তা খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী সপ্তাহে প্রকাশ হতে পারে।

রোববার (৬ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন আগামী সপ্তাহেই পাওয়া যাবে।

তিনি বলেন, প্রতিবেদন পেশ করার দায়িত্বে থাকা ব্যক্তি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফিরলেই প্রতিবেদনটি সবার সামনে উপস্থাপন করা হবে।

১৯৯৯ সালের পর গত ফেব্রুয়ারিতেই প্রথমবারের মতো কোনো আইসিসি বৈশ্বিক আসরে অংশ নেয়নি বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানকে ঘিরে ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হওয়ার পর দেশটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার উদ্যোগও নিয়েছিল বিসিবির তৎকালীন পরিচালনা পর্ষদ। তবে আইসিসি তাতে সম্মতি না দেয়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকেই ছিটকে যায় বাংলাদেশ।

এরপর গত মার্চে বাংলাদেশের বিশ্বকাপে অংশ না নেয়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মূলত নিরাপত্তা শঙ্কাই সিদ্ধান্তটির প্রধান কারণ ছিল কি না, নাকি এর পেছনে অন্য কোনো বিষয় কাজ করেছে—সেটিই তদন্তের আওতায় আনা হয়।

তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ কে এম অলি উল্যাকে। কমিটির অন্য দুই সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর।

কমিটি গঠনের পর চার মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রতিবেদন প্রকাশিত হয়নি। অবশেষে রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিবেদন প্রকাশের সম্ভাব্য সময় জানালেন আমিনুল হক।

তিনি বলেন, ‘এটা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন।’

প্রতিমন্ত্রী জানান, তদন্ত প্রতিবেদন পেশ করার দায়িত্বে থাকা ব্যক্তি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফিরলেই প্রতিবেদনটি উপস্থাপন করা হবে। তার ভাষায়, ‘যিনি তদন্ত রিপোর্টটা পেশ করবেন তিনি এখন দেশের বাইরে আছেন। তিনি আসা মাত্রই পরবর্তী সপ্তাহে আপনাদের সামনে উপস্থাপন করা হবে।