বোলারদের নৈপুণ্যে রোমাঞ্চকর জয় বাংলাদেশের

৩৫ বলে ৪৮ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন দুই ওপেনার ইসমা তানজিম ও শামিমা সুলতানা। উইকেটে সেট হয়ে ইসমা ৩০ ও শামিমা ১৭ রানে আউট হন। এরপর শারমিন সুলতানা ২৯ ও রুবায়া হায়দার থামেন ১১ রানে। ১০৪ রানে পঞ্চম উইকেট পতনের পর মিডল অর্ডারের ব্যাটারদের ব্যর্থতায় ১৯.৫ ওভারে ১১৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

নয়া দিগন্ত অনলাইন
নারী ক্রিকেট
নারী ক্রিকেট |সংগৃহীত

রাইজিং স্টার্স এশিয়া কাপে ১১৫ রানের পুঁজি নিয়েও বোলারদের দুর্দান্ত নৈপুন্যে রোমাঞ্চকর জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে ৪ রানে হারিয়েছে বাংলাদেশ।

ব্যাংককে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ নারী ‘এ’ দল। ৩৫ বলে ৪৮ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন দুই ওপেনার ইসমা তানজিম ও শামিমা সুলতানা। উইকেটে সেট হয়ে ইসমা ৩০ ও শামিমা ১৭ রানে আউট হন।

এরপর শারমিন সুলতানা ২৯ ও রুবায়া হায়দার থামেন ১১ রানে। ১০৪ রানে পঞ্চম উইকেট পতনের পর মিডল অর্ডারের ব্যাটারদের ব্যর্থতায় ১৯.৫ ওভারে ১১৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। মিডল ও লোয়ার অর্ডারের কোনো ব্যাটারই দুই অঙ্ক ছুতে পারেননি। ৩৪ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। শ্রীলঙ্কার সাচিনি নিসানসাল ১৪ রানে ৪ উইকেট নেন।

১১৬ রানের টার্গেটে খেলতে নেমে ৫ উইকেটে ৯৫ রান তোলে শ্রীলঙ্কা ‘এ’ দল। ৫ উইকেট হাতে থাকলেও শেষ ১৩ বলে ২১ রানের সমীকরণ মেলাতে পারেনি লঙ্কানরা। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১১১ রানে গুটিয়ে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন হানসিমা করুনারত্নে।

শ্রীলঙ্কার ইনিংসের শুরুতে একটি ও ডেথ ওভারে ২ উইকেট তুলে নেন বাংলাদেশের স্পিনার সানজিদা আকতার মেঘলা। এর মধ্যে ১৮তম ওভারের শেষ দুই বলে নেন ২ উইকেট। ৪ ওভারে ২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মেঘলা। এছাড়া ফাহিমা খাতুন ও লতা মন্ডল ২টি করে উইকেট নেন।

আগামী ১৬ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ‘এ’ দল।

সূত্র : বাসস