বাংলাদেশের মোসাদ্দেক হোসেন ও ভারতের শুভমান গিলকে টপকে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ এ্যাওয়ার্ডে জুন মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের ন্যাথান স্মিথ।
গত মাসের সেরা নারী ক্রিকেটারের তকমা পেয়েছেন ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ। তার সাথে সংক্ষিপ্ত তালিকায় মনোনয়নের দৌড়ে ছিলেন ভারতের শ্রী চরণী ও স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সোমবার গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম ঘোষণা করে।
জুনে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিউজিল্যান্ড। দলের সিরিজ জয়ের পেছনে বড় অবদান ছিল স্মিথের। ৩ ম্যাচে ১৬ উইকেট শিকার করে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যৌথভাবে ইংল্যান্ডের জোফরা আর্চারের সাথে সিরিজ সেরা হন স্মিথ।
মাস সেরা হয়ে স্মিথ বলেন, ‘এটা সত্যিই বিশেষ। ছেলেদের জন্য ইংল্যান্ড সফর দারুণ ছিল এবং এই অর্জনটাও দারুণ। সাধারণত ব্যক্তিগত পুরস্কারের জন্য আমি খেলি না, তবে এই স্বীকৃতি পাওয়াটা আনন্দের। তার চেয়েও বড় কথা দলের সিরিজ জয়ে অবদান রাখতে পারাটা। দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করা এবং যেকোনো উপায়ে দলের জয়ে অবদান রাখা, নিউজিল্যান্ডের হয়ে আমি ঠিক এটাই করতে চাই।’
এদিকে চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে রাজকীয় প্রত্যাবর্তন করেছিলেন মোসাদ্দেক। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে ৩ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ ১৫৭ রান এবং বল হাতে ২ উইকেট নেন তিনি।
এ ছাড়া গেল মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গিল। পাশাপাশি ওয়ানডে সিরিজের দুই ম্যাচে যথাক্রমে ৮৪ ও ১৫৪ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। ২৩৮ রান করে সিরিজ সেরা নির্বাচিত হন গিল।



