বিসিবির নতুন নির্বাচিত সভাপতি তামিম ইকবাল

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সী সভাপতি হলেন তামিম। এ ছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবাহনী থেকে কাউন্সিলর হওয়া ফাহিম সিনহা।

নয়া দিগন্ত অনলাইন
বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল খান
বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল খান |সংগৃহীত

দেশের ক্রিকেটের সর্বোচ্চ ক্ষমতায় আগেই আসীন ছিলেন তামিম ইকবাল। এবার আনুষ্ঠানিকভাবে সেই চেয়ার তার নিজের হয়ে গেলো। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

উত্তাপ, উত্তেজনা কম ছিল প্রথম থেকেই। শুরু থেকেই বোঝা যাচ্ছিল, এবারের নির্বাচন হবে নিরুত্তাপ। একটা সময় মনে হচ্ছিল নামমাত্র নির্বাচন হবে। কিছু কিছু ক্ষেত্রে হয়েছেও তাই।

১০ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান আগেই। বাকি ১৫টি পদে কেবল নির্বাচন হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরপুর স্টেডিয়ামে চলে ভোটগ্রহণ।

ভোট শেষ হওয়ার পরে ফল গননা শেষ হয় সন্ধ্যায় ৬টায়। ফলাফল অনুযায়ী- ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন তামিম। ওল্ডডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর ছিলেন তিনি।

এই ক্যাটাগরি থেকে ১৬ জনের মাঝে পরিচালক নির্বাচিত হয়েছেন ১২ জন। যেখানে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। পরবর্তীতে জয়ী পরিচালকদের ভোটে বিসিবির সভাপতিও হয়েছেন তামিম।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির ১৭তম সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তামিম ইকবাল। আর নির্বাচিত সভাপতি হিসেবে ক্রিকেট বোর্ডে তিনি ষষ্ঠ। আগামী ৪ বছর তিনিই এই দায়িত্বে থাকবেন।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সী সভাপতি হলেন তামিম। এ ছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবাহনী থেকে কাউন্সিলর হওয়া ফাহিম সিনহা।