ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সফর

পাকিস্তানের টেস্ট দল ঘোষণা, অধিনায়কত্ব ফিরে পেলেন বাবর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শুরু ২৫ জুলাই। এরপর ২ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ১৯ আগস্ট থেকে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

নয়া দিগন্ত অনলাইন
বাবর আজম
বাবর আজম |ফাইল ছবি

পাকিস্তান টেস্ট ক্রিকেটে আবারো শুরু হলো বাবর আজম অধ্যায়। দেশটির টেস্ট অধিনায়কের পদ থেকে বরখাস্ত করা হয়েছে শান মাসুদকে। তার জায়গায় দ্বিতীয়বারের মতো লাল বলের ক্রিকেটে নেতৃত্ব দেয়া হয়েছে বাবর আজমকে।

রোববার (৫ জুলাই) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে টেস্ট দল ঘোষণা করেছে। সেখানেই নতুন করে নেতৃত্ব তুলে দেয়া হয়েছে বাবর আজমের কাঁধে।

শান মাসুদের বিদায়ের মাধ্যমে পাকিস্তান ক্রিকেটে হতাশাজনক অধ্যায়ের সমাপ্তি ঘটল। প্রায় তিন বছর আগে দায়িত্ব পাওয়া মাসুদ পাকিস্তানের হয়ে ১৬টি টেস্টে নেতৃত্ব দিয়ে ১২টিতেই হেরেছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ১৬ ম্যাচের মধ্যে ১২টিতেই হারা একমাত্র অধিনায়ক তিনি।

পাকিস্তানের ইতিহাসে মিসবাহ-উল-হক সর্বোচ্চ ১৯টি টেস্টে হেরেছিলেন (৫৬ ম্যাচে), তার পরেই সবচেয়ে বেশি হারের রেকর্ড এখন মাসুদের। এ ছাড়া টানা সাতটি টেস্টে হেরেছে পাকিস্তান, যা তাদের ক্রিকেট ইতিহাসের যৌথভাবে সর্বোচ্চ পরাজয়ের রেকর্ড।

অধিনায়ক হিসেবে দল ডুবলেও ব্যাট হাতে মাসুদের ব্যক্তিগত পারফরম্যান্স অবশ্য বেশ ভালো ছিল। অধিনায়কত্ব পাওয়ার আগে যেখানে তার ব্যাটিং গড় ছিল ২৮.৫১, অধিনায়ক হওয়ার পর তা বেড়ে দাঁড়ায় ৩৪.০৬-এ। এই সময়ে দুটি সেঞ্চুরি এবং সাতটি হাফ-সেঞ্চুরি করেন। আর এই ব্যাটিং ফর্মের কারণেই দলে নিজের জায়গা ধরে রেখেছেন মাসুদ।

নেতৃত্ব ফিরে পেয়েই বাবরকে ব্যস্ত সূচির মুখোমুখি হতে হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ সফরের পরপরই ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এরপর ঘরের মাঠে শীতকালীন মৌসুমে নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে তারা।

গত মে মাসে বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হারা দলটিতে বেশ কিছু বড় পরিবর্তন আনা হয়েছে। তিন সিনিয়র ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি, হাসান আলী এবং নোমান আলীকে দল থেকে বাদ দেয়া হয়েছে। এ ছাড়া স্কোয়াডে নেই সৌদ শাকিলও।

রোববার দল ঘোষণার সময় পাকিস্তানের নির্বাচক আকিব জাভেদ জানান, ফিটনেস সমস্যার কারণে সৌদ শাকিলকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ দেয়া হয়েছে। তবে আশা করা হচ্ছে ইংল্যান্ড সফরের আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে দলে ফিরবেন।

১৬ সদস্যের এই স্কোয়াডে ফেরানো হয়েছে মোহাম্মদ আলী ও আমের জামালকে। এ ছাড়া প্রথমবার পাকিস্তান দলে ডাক পেয়েছেন উবাইদ শাহ, স্পিনার আলী উসমান এবং আওয়াইস জাফর।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শুরু ২৫ জুলাই। এরপর ২ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ১৯ আগস্ট থেকে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের পাকিস্তান টেস্ট স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আমের জামাল, আবদুল্লাহ ফজল, আলী উসমান, আজান আওয়াইস, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আলী, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ আওয়াইস জাফর, মোহাম্মদ গাজী ঘুরি, সাজিদ খান, সালমান আলী আগা, শান মাসুদ, উবাইদ শাহ।