নির্বাচক পদটা হাবিবুল বাশার সুমনের কাছে নতুন কিছু নয়। আট বছরের বেশি সময় ব্যায় করেছেন ক্রিকেটার খোঁজার কাজে। এবার তার কাঁধে পড়তে যাচ্ছে প্রধান নির্বাচকের দায়িত্ব।
জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর চুক্তি শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। এরপর আর চুক্তি নবায়নে আগ্রহী নন সাবেক এই অধিনায়ক।
তার জায়গায় সাবেক নির্বাচক ও অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে বসাতে চায় বিসিবি।
ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে তাকে বোর্ড থেকে প্রস্তাবও দেয়া হয়েছে।
জানা গেছে, প্রস্তাবটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার আগে বাশার দুই সপ্তাহ সময় চেয়েছেন। অবশ্য এখনো তিনি বিসিবির সাথেই আছেন। গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে রয়েছেন তিনি।
এর আগে অবশ্য লম্বা সময় কাজ করেছেন জাতীয় দলের নির্বাচক হিসেবেই। ২০১৬ সালে প্রথমবার নির্বাচক প্যানেলে জায়গা পান বাশার। এরপর দীর্ঘ ৮ বছর ছিলেন এই দায়িত্বে।
তবে ছিলেন নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য হয়ে। সে সময়কালে প্রধান নির্বাচকের ভূমিকায় ছিলেন ফারুক আহমেদ ও মিনহাজুল আবেদিন নান্নু। তবে এবার সেই পদ হতে পারে তার।



