সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে

ভারতকে ৬ টেস্টে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়েছেন রাহানে। তার অধীনে ৪টিতে জয় ও ২টিতে ড্র করে টিম ইন্ডিয়া। ২০২১ সালে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে ভারতকে নেতৃত্ব দেন রাহানে।

নয়া দিগন্ত অনলাইন
ভারতীয় ব্যাটার আজিঙ্কা রাহানে
ভারতীয় ব্যাটার আজিঙ্কা রাহানে |সংগৃহীত

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যাটার আজিঙ্কা রাহানে। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অবসরের ঘোষণা দেন তিনি। এর মধ্য দিয়ে ১২ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘটালেন তিনি।

২০১১ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রাহানের। এরপর দেশের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি।

টেস্ট ক্রিকেটে ১২টি সেঞ্চুরি ও ২৬টি হাফ-সেঞ্চুরিতে ৫,০৭৭ রান করেন রাহানে। ওয়ানডেতে তিন সেঞ্চুরি ও ২৪ হাফ-সেঞ্চুরিতে ২,৯৬২ এবং টি-টোয়েন্টিতে ৩৭৫ রান করেছেন তিনি।

অফ ফর্মের কারণে ২০২৩ সালে দল থেকে বাদ পড়েন তিনি। ২০২৩ সালের জুলাইয়ে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন এই ডান-হাতি ব্যাটার।

অবসর নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ৩৮ বছর বয়সী রাহানে বলেন, ‘ব্যাটিংয়ের ক্ষেত্রে আমি সবসময়ই টাইমিং-এর ওপর ভরসা করেছি এবং এর গুরুত্ব সবসময়ই বুঝেছি। আজ আমার মনে হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট এবং সব ধরনের ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর ও অবসরের ঘোষণা দেয়ার এটাই সঠিক সময়।’

রাহানে আরো বলেন, ‘প্রথম-শ্রেণীর ক্রিকেটার হিসেবে আমার অভিষেকের পর ভারতীয় ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে। গত ২০ বছর ধরে এর অংশ হতে পেরে আমি গর্বিত। ভারতীয় ক্রিকেটার হিসেবে আমার অধ্যায় শেষ হলেও খেলার সাথে আমার যাত্রাপথ কিন্তু থেমে যাচ্ছে না। পরবর্তী প্রজন্মকে সহায়তা করার অপেক্ষায় আছি।’

ভারতকে ৬ টেস্টে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়েছেন রাহানে। তার অধীনে ৪টিতে জয় ও ২টিতে ড্র করে টিম ইন্ডিয়া। ২০২১ সালে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে ভারতকে নেতৃত্ব দেন রাহানে।

অ্যাডিলেডে বিরাট কোহলির নেতৃত্বে সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে ৮ উইকেটে ম্যাচ হারে ভারত। এরপর নিয়মিত অধিনায়ক কোহলি পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরে গেলে দলের দায়িত্ব পান রাহানে। দ্বিতীয় টেস্টে ৮ উইকেটে জিতে সিরিজে সমতায় ফেরে ভারত। ওই ম্যাচের প্রথম ইনিংসে ১১২ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন রাহানে।

এরপর সিডনিতে তৃতীয় টেস্ট ড্র এবং ব্রিজবেনে চতুর্থ টেস্ট ৩ উইকেটে জিতে ঐতিহাসিক সিরিজ জয়ের স্বাদ পায় ভারত।