মোটা অঙ্কের প্রাইজমানি পেল চ্যাম্পিয়ন ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত প্রায় ৩ মিলিয়ন ডলার (৩৬ কোটি ৩০ লাখ টাকা) প্রাইজমানি জিতেছে, রানার্সআপ নিউজিল্যান্ড পেয়েছে ১.৬ মিলিয়ন ডলার (১৯ কোটি ৩৬ লাখ টাকা), এবং সেরা খেলোয়াড় সঞ্জু স্যামসনসহ অন্য খেলোয়াড়রাও পুরস্কার পাচ্ছেন।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

গতরাতে শেষ হয়েছে দীর্ঘ এক মাসের আসর। পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। একপেশে ফাইনালে যেখানে শেষ হাসি ভারতের।

রোববার ফাইনালে আহমেদাবাদে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়েছে ম্যান ইন ব্লুরা। তাতে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবার শিরোপা জিতল তারা।

শিরোপা জেতার পাশাপাশি মোটা অঙ্কের প্রাইজমানিও জিতেছে সূর্যক কুমার যাদবের দল। চ্যাম্পিয়ন দল হিসেবে তারা পেয়েছে প্রায় ৩ মিলিয়ন ডলার বা প্রায় ৩৬ কোটি ৩০ লাখ টাকা।

অন্যদিকে শিরোপার স্বাদ না পেলেও মোটা অঙ্কের প্রাইজমানি পাচ্ছে রানার্সআপ নিউজিল্যান্ডও। কিউইরাপাবে প্রায় ১.৬ মিলিয়ন ডলার বা প্রায় ১৯ কোটি ৩৬ লাখ টাকা।

সব মিলিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল ১৩.৫ মিলিয়ন ডলার, বা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৬৪ কোটি টাকা। যা ২০২৪ সালের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।

এদিকে সেমিফাইনাল থেকে বিদায় নেয়া দু’দল- ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাও পাচ্ছে ৭ লাখ ৯০ হাজার ডলার করে। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৯ কোটি ৬০ লাখ টাকা।

সুপার-আট থেকে বাদ যাওয়া প্রতিটি দল পেয়েছে প্রায় ৩ লাখ ৮০ হাজার ডলার বা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকা করে।

গ্রুপ পর্বে বিদায় নেয়া প্রতিটি দলও পাচ্ছে পুরস্কার। ১২ দলের প্রত্যেকের জন্য বরাদ্ধ থাকছে প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ৩ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা করে।

মোটা অঙ্কের প্রাইজমানি দেয়া হবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সঞ্জু স্যামসনকেও। তবে তার অঙ্কটা জানায়নি আইসিসি। সেরা ব্যাটার-বোলাররাও পাবেন পুরস্কার।