লোভ দেখিয়ে বিসিবি পরিচালকদের পদত্যাগ করানো হচ্ছে!

‘আমি তো আর জেনে-বুঝে এসব নিয়মবহির্ভূত আর আদালত অবমাননার মতো কাজে শামিল হবো না। এজন্যই বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারের নোটিশে আমি সাড়া দেইনি।’

নয়া দিগন্ত অনলাইন
তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে মিরপুরের মাঠ ঘুরিয়ে দেখাচ্ছেন তামিম ইকবাল
তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে মিরপুরের মাঠ ঘুরিয়ে দেখাচ্ছেন তামিম ইকবাল |ফাইল ছবি

মুখ খুললেন আসিফ মাহমুদ ভূঁইয়া। সাবেক এই ক্রীড়া উপদেষ্টা জানালেন, এনএসসির তদন্ত কমিটির মুখোমুখি না হওয়ার কারণ। এক ফেসবুক পোস্টে নিজের ব্যখ্যা দিয়েছেন তিনি।

বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের তদন্ত রিপোর্ট আজ রোববার জাতীয় ক্রীড়া পরিষদে জমা দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত ৫ সদস্যের কমিটি।

তদন্ত কমিটি বিসিবির দায়িত্বশীলদের সাথে আলোচনা করে নিজেদের রিপোর্ট তৈরি করেন। কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সাথেও।

তবে কথা বলতে চেয়েও পাননি আসিফ মাহমুদকে। সাবেক এই ক্রীড়া উপদেষ্টাকে সাক্ষাতের জন্য ডাকা হলেও তাতে সাড়া দেননি তিনি। তদন্ত কমিটি বিষয়টি প্রকাশ করলে তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়।

ঠিক কী কারণে সাড়া দেননি আসিফ, সেই ব্যাখ্যা তিনি দিয়েছেন এক ফেসবুক পোস্টে। যেখানে তিনি বলেন, ‘আমি কেন বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারে সাড়া দেইনি- প্রথমত, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবির ওপর এখতিয়ারবহির্ভূতভাবে তদন্ত করছে মন্ত্রণালয়।’

‘দ্বিতীয়ত, তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই সিদ্ধান্ত দিয়ে দেয়া হয়েছে। তৃতীয়ত, উচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয়ে তদন্ত করে তদন্ত কমিটি ও সংশ্লিষ্ট সকলে আদালত অবমাননা করছেন।’

‘চতুর্থত, ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড পরিচালকদের পরের বোর্ডে পরিচালকের পদের লোভ, লোভে রাজি না হলে ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন।’ যোগ করেন আসিফ।

সাবেক ক্রীড়া উপদেষ্টা আরো লেখেন, ‘যখন আমাকে তদন্ত কমিটি থেকে সাক্ষাৎকারের বিষয়ে জানানো হলো। উচ্চ আদালতে বিচারাধীন বিষয় ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয়ে তারা তদন্ত করতে পারেন কি না জানতে চেয়ে কোনো সদুত্তর পাইনি।’

‘কিভাবে সরকার চালাতে হয়, কিভাবে প্রজ্ঞাপন দিতে হয়, কোনটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কোনটা বিচারাধীন বিষয়, কোনটা আদালত অবমাননা এটা হয়তো আপনারা বোঝেন না অথবা তোয়াক্কা করেন না।’

‘আমি তো আর জেনে-বুঝে এসব নিয়মবহির্ভূত আর আদালত অবমাননার মতো কাজে শামিল হবো না। এজন্যই বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারের নোটিশে আমি সাড়া দেইনি।’