স্টেডিয়ামে ধূমপান করে তোপের মুখে রাজস্থান অধিনায়ক

এরই মধ্যে ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তাতেই তোপের মুখে ভারতীয় এই খেলোয়াড়।

নয়া দিগন্ত অনলাইন
রিয়ান পরাগ
রিয়ান পরাগ |সংগৃহীত

ড্রেসিংরুমে ই-সিগারেটে সুখটান দিয়ে তোপের মুখে পড়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ।

মঙ্গলবার ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে তাকে ভ্যাপিং বা ইলেকট্রনিক সিগারেট ব্যবহার করতে দেখা যায়।

এরই মধ্যে ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তাতেই তোপের মুখে ভারতীয় এই খেলোয়াড়।

তার এমন আচরণে বার্তা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। বোর্ডের এক সূত্র বলেছে, ‘আমরা রিয়ানের থেকে এই নিয়ে ব্যাখ্যা চেয়েছি। ভ্যাপিং নিষিদ্ধ। তাই তার ব্যাখ্যার পরই আইপিএল কর্তৃপক্ষ এই নিয়ে পদক্ষেপ নেবে।’

অভিযোগ প্রমাণিত হলে এ ধরনের ঘটনায় বিসিসিআই যে কঠোর অবস্থান নেবে, তা বলাই বাহুল্য। যেহেতু সব বয়সের ক্রিকেট ভক্তরাই আইপিএল দেখেন, তা ধূমপানের মতো বিষয় নিয়ে যথেষ্ট কড়া বোর্ড। বিশেষ করে কোনো দলের অধিনায়ক যদি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে বসে ধূমপান করেন, সেটাকে একেবারেই ভালোভাবে নেবে না আইপিএল কর্তৃপক্ষ। ফলে বড় শাস্তি হতে পারে রিয়ানের।

ধূমপানের ঘটনাটি পাঞ্জাব কিংসের বিপক্ষে রাজস্থান ইনিংসের ১৬তম ওভারে। ফুটেজে দেখা যায়, সতীর্থ ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়ালের পাশে বসে রয়েছেন পরাগ। সেই সময় তার হাতে একটি ই-সিগারেট বা ভ্যাপিং ডিভাইস দেখা যায়। স্টেডিয়ামে নির্দিষ্ট জায়গা ছাড়া ধূমপান নিষিদ্ধ। এ ছাড়া ভারতের ই-সিগারেট সেবন সম্পূর্ণ নিষিদ্ধ। আইন ভাঙলে জেল ও জরিমানাও হতে পারে।

চলতি মৌসুমে এই প্রথম নয়, এর আগেও বিতর্কে জড়িয়েছিল রাজস্থান শিবির। সম্প্রচারে ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গিয়েছিল দলের ম্যানেজার রোমি ভিন্দরকে। পরে তদন্তের পর তাকে সতর্ক করে জরিমানা করা হয়। এবার ড্রেসিংরুমে ভারতে নিষিদ্ধ ই-সিগারেটে সুখটান দিয়ে নতুন করে বিতর্কে জড়ালেন রিয়ান পরাগ।