পিএসএলে রেকর্ড প্রাইজমানি

সব মিলিয়ে এবারের আসরের মোট প্রাইজমানি দাঁড়াচ্ছে ১৫ লাখ মার্কিন ডলারে, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৮ কোটি ৩৯ লাখ টাকা।

নয়া দিগন্ত অনলাইন
পিএসএলের ফাইনাল আজ
পিএসএলের ফাইনাল আজ |সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বহুল প্রতীক্ষিত ফাইনাল আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিরোপা নির্ধারণী এই ম্যাচে মুখোমুখি হবে পেশোয়ার জালমি ও হায়দরাবাদ কিংসমেন।

২০১৭ সালে একবার শিরোপা জেতা পেশোয়ার জালমি এবার মাঠে নামছে তাদের দ্বিতীয় ট্রফির লক্ষ্য নিয়ে। অন্যদিকে হায়দরাবাদ পিএসএলেই খেলছে এবার প্রথমবার।

সব মিলিয়ে লাহোরে গ্যালারি ভরা দর্শকদের সামনে আজ রাতে জমজমাট এক ফাইনালের অপেক্ষা। যেখানে চ্যাম্পিয়ন দলের জন্য অপেক্ষা করছে বেশ মোটা অঙ্কের প্রাইজমানি।

পিসিবির ঘোষণা অনুযায়ী, চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ মার্কিন ডলার (প্রায় ৬ কোটি ১৪ লাখ টাকা), আর রানার্স-আপ দল পাবে ৩ লাখ মার্কিন ডলার (প্রায় ৩ কোটি ৬৮ লাখ টাকা)।

এ ছাড়া সেরা খেলোয়াড় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা ফ্র্যাঞ্চাইজির জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা)।

অন্যদিকে, টুর্নামেন্টজয়ী দলের খেলোয়াড়রা মোট ৫ লাখ মার্কিন ডলার করে (প্রায় ৬ কোটি ১৪ লাখ টাকা) অর্থ পুরস্কার পাবে।

সব মিলিয়ে এবারের আসরের মোট প্রাইজমানি দাঁড়াচ্ছে ১৫ লাখ মার্কিন ডলারে, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৮ কোটি ৩৯ লাখ টাকা।