নিরাপত্তা ঝুঁকিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে রাজি হয়নি বাংলাদেশ। সরকারের এমন সিদ্ধান্তের কারণে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দিয়েছে আইসিসি।
বিশ্বকাপ খেলতে না যাওয়ায় লম্বা অবসর সময় পেয়েছিল ক্রিকেটাররা। তবে প্রশ্ন উঠছিল এই সময়ে কী করবেন তারা? উত্তর মিলেছে গতরাতে, নতুন টুর্নামেন্ট এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাতীয় দল ও তার আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। গতকালই প্রকাশ করে তিন দলের নাম।
তিন দলের এই টুর্নামেন্টের অধিনায়ক ও কোচদের নামও প্রকাশ করে বিসিবি। আজ রোববার তিন দলের স্কোয়াড প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
যেখানে অংশ নেবে তিনটি দল- ধূমকেতু, দুর্বার ও দুরন্ত। ঘোষণা করা হয়েছে দলগুলোর অধিনায়ক ও কোচদের নামও। যেখানে আছেন দেশের সেরা সব মুখ।
ধুমকেতু একাদশের নেতৃত্ব দেবেন লিটন দাস। ধুমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন, আর সহকারী হিসেবে থাকবেন মোহাম্মদ আশরাফুল।
দুর্বার একাদশের অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। দুর্বার একাদশের কোচিং প্যানেলে প্রধান কোচ মিজানুর রহমান বাবুল ও সহকারী কোচ তুষার ইমরান।
আর দুরন্ত একাদশের নেতৃত্বে থাকবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলি। এই দলের প্রধান কোচ হান্নান সরকার, সহকারী কোচ রাজিন সালেহ।
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের তিন দলের স্কোয়াড
ধুমকেতু একাদশ
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
দুর্বার একাদশ
হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ ও আল ফাহাদ।
দুরন্ত একাদশ
জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন,মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা ও ইকবাল হোসেন ইমন।



