সাকিব আল হাসানের ফেরার গুঞ্জন উঠেছিল পাকিস্তান সিরিজেই, তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে তাকে।
সোমবার বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
ক্রিকেট বোর্ড থেকে সাকিবকে গ্রিন সিগন্যাল অবশ্য আগেই দেয়া হয়েছে। বাকি ছিল কেবল আইনি মারপ্যাঁচ। সেই কাজটাও দ্রুততার সাথে সমাধান হচ্ছে বলে জানান ফাহিম।
তিনি বলেন, ‘সাকিবকে নিয়ে আইনগত যেসব কাজ চলছে, তা বেশ দ্রুততার সাথে হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে হয়তো আমরা সামনে কিছুদিনের মাঝেই দেখতে পারব সাকিব দেশে ফিরে এসেছে।’
তবে দেশে ফেরা মানেই দলে ফেরা নয়, মনে করিয়ে ফাহিম বলেন, ‘সে আসার পর দলে খেলা বা কোন ফরম্যাটে খেলবে সেই বিষয়গুলো আসবে। সেখানে নির্বাচকদের ব্যাপার-টিম ম্যানেজমেন্টের ব্যাপার থাকবে।’
তবে দলের চাওয়া ও স্বার্থই যে আগে দেখা হবে- তা জানিয়ে দেন বিসিবি’র এই প্রভাবশালী পরিচালক। বলেন, ‘বটম লাইন হচ্ছে যে টিম ফার্স্ট, দলের স্বার্থটা সবচাইতে প্রথমে আমরা দেখব।’
আগামী এপ্রিলের শুরুর দিকেই বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। কিউইদের বিপক্ষে সিরিজে তাকে পাওয়া যাবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি আশাবাদ ব্যক্ত করেন ফাহিম।
তিনি বলেন, ‘আমি আশা করছি যে এই সময়ের মাঝেই হয়তো ও চলে আসতে পারবে। আসলে হয়তো আমি ইতিবাচকভাবেই দেখব। ও দলে থাকলে দলে ভ্যালু অ্যাড হবে।’



