হেসেখেলেই ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ। নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে পাকিস্তানকে রীতিমতো উড়িয়েই দিয়েছে ইমার্জিং টাইগ্রেসরা।
শুক্রবার লো-স্কোরিং ম্যাচে পাকিস্তানকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ। ফাইনালে টাইগ্রেসদের প্রতিপক্ষ ভারত।
ব্যাংককে টসে হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১১০ রানের পুঁজি পায় বাংলাদেশের মেয়েরা। জবাবে খেলতে নেমে ১৬.৪ ওভারে মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।
বাংলাদেশের হয়ে সানজিদা আক্তার মেঘলা ৩টি ও ফাহিমা খাতুন দুটি উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডারের মেরুদণ্ড ভেঙে দেন। দলটির হয়ে ১৫ রানও স্পর্শ করতে পারেননি কোনো ব্যাটার।
রান তাড়ায় মাত্র ৯ রানের মধ্যেই ২ উইকেট হারায় পাকিস্তান। এরপর ২৪ রানে তৃতীয় উইকেট হারিয়ে আবার ধাক্কা খায় দলটি। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি তারা। শেষ ১৩ রানে হারায় ৫ উইকেট।
পাকিস্তানের দুই অঙ্কের রান স্পর্শ করেছেন মাত্র ৩ ব্যাটার। শাওয়াল জুলফিকার ১৪, বুশরা আমির ১১ ও অধিনায়ক হাফসা খালিদ করেন ১২ রান।
এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৩.৫ ওভারের উদ্বোধনী জুটিতে আসে ১৯ রান। ১৩ রান করে আউট হন শামীমা সুলতানা। আরেক ওপেনার ইসমা তানজিমের ব্যাট থেকে আসে ১২ রান।
এরপর ১৫ রানে থামেন তিনে নানা শারমিন সুলতানা। তবে চারে নামা অধিনায়ক ফাহিমা খাতুন ধরেন হাল। অন্য প্রান্ত দিয়ে উইকেট পড়তে থাকলেও একদিক আগলে ৩২ বলে ৪০ রান নিয়ে তিনি অপরাজিত থাকেন।
তাতেই ১১০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। রান বেশি না হলেও শেষ পর্যন্ত তা জয়ের জন্য যথেষ্ট হয়।
এদিকে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত। রোববার দুপুর ১টায় মুখোমুখি হবে দুই দল।


