গত বছরের আগস্টে ৩ ওয়ানডে আর টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ সফর করার কথা থাকলেও আসেনি ভারত। সরকারের অনুমতি না পাওয়ায় সিরিজটি স্থগিত করে তারা।
সেই দ্বিপাক্ষিক সিরিজটি পিছিয়ে এ বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সাম্প্রতিক সময়ে নানা কারণে আবারো অনিশ্চয়তায় মুখে পড়েছে এ সিরিজটিও।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়া ও বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলাকে কেন্দ্র করেই দেখা দেয় এই শঙ্কা।
তবে বাংলাদেশে সাধারণ নির্বাচনের পর দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে ইতিবাচক বার্তাই দিচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
সাম্প্রতিক সম্পর্কের টানাপোড়েনে অনিশ্চিয়তা তৈরি হলেও বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজিব শুক্লা। সেই সাথে প্রতিবেশী দেশটিকে বন্ধু বলে আখ্যা দিয়েছেন তিনি।
রোববার কলম্বোতে ভারত-পাকিস্তান ম্যাচের মাঝেই পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও আইসিসি চেয়ারম্যান জয় শাহর সাথে আলোচনায় বসেছিলেন বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লা।
সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি জানান, সম্ভাব্য সব পথ খুঁজে বাংলাদেশকে পুরো সন্তষ্ট করা হবে। সেই সাথে বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপ আয়োজন করতেও প্রস্তুত আছেন বলে জানান শুক্লা।
তিনি বলেন, ‘বাংলাদেশকে নিয়ে যে আলোচনা হয়েছে, আমরা তাদের একটা বৈশ্বিক আসর আয়োজনের সুযোগ দেবো, যা আন্তর্জাতিক ইভেন্ট হবে। বাংলাদেশ আমাদের দোস্ত, মিত্র বন্ধু। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’



