অস্ট্রেলিয়ায় যাচ্ছেন সাব্বির-শামীম, খেলবেন টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে

আগামী ১৪ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ এইচপি দল। ইরফান শুক্কুরের নেতৃত্বে ১৫ সদস্যের দলে আরো আছেন আব্দুল গাফফার সাকলাইন, রিপন মন্ডল, আবু হায়দার রনি ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো তারকারা।

নয়া দিগন্ত অনলাইন
সাব্বির রহমান ও শামিম হোসেন
সাব্বির রহমান ও শামিম হোসেন |ছবি : কোলাজ

অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত হতে যাওয়া টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। সেই দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান ও শামীম হোসেন পাটোয়ারী।

আগামী ১৪ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ এইচপি দল। ইরফান শুক্কুরের নেতৃত্বে ১৫ সদস্যের দলে আরো আছেন আব্দুল গাফফার সাকলাইন, রিপন মন্ডল, আবু হায়দার রনি ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো তারকারা।

আগামী ২১ আগস্ট শুরু হবে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ এইচপির সাথে নিউ জিল্যান্ড ‘এ’ ও নেপাল জাতীয় দল ছাড়াও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের আরো ছয়টি দল প্রতিযোগিতায় অংশ নেবে।

কন্ডিশনের সাথে মানিয়ে নিতে টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগেই অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল। ২২ আগস্ট নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান।

এরপর ২৩ আগস্ট হোবার্ট হারিকেন্স একাডেমি, ২৪ আগস্ট ভিক্টোরিয়া সিএ একাদশ, ২৫ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, ২৭ আগস্ট নিউ জিল্যান্ড ‘এ’ এবং ২৮ আগস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

প্রথম পর্বে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। সেরা চার দল উঠবে সেমিফাইনালে। ৩০ আগস্ট দু’টি সেমিফাইনাল এবং একই দিনে ফাইনাল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ এইচপি দল : ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এসএম মেহরব হাসান, সাইমুন বশির রাতুল, সাব্বির রহমান, রোহানাত দৌল্লা বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুল গাফফার সাকলাইন, রিপন মন্ডল, মো: রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।