বিজয়ের বিব্রতকর রেকর্ড

ঘরোয়া ক্রিকেটে রান বন্যা বইয়ে দিলেও আন্তর্জাতিক ক্রিকেটে এসে যেন বড্ড অচেনা এনামুল হক বিজয়।

নয়া দিগন্ত অনলাইন
ক্রিকেটার এনামুল হক বিজয়
ক্রিকেটার এনামুল হক বিজয় |ইন্টারনেট

ক্রিকেটে কতো কতো রেকর্ডের দেখা মেলে, কতো সব অর্জেনে সমৃদ্ধ হয় ক্যারিয়ার। তবে এমন কিছু রেকর্ড থাকে, যা না হলেই বরং খুশি হন ক্রিকেটার। তেমনি এক লজ্জার রেকর্ডে নাম লেখালেন এনামুল হক বিজয়।

ঘরোয়া ক্রিকেটে রান বন্যা বইয়ে দিলেও আন্তর্জাতিক ক্রিকেটে এসে যেন বড্ড অচেনা এনামুল হক বিজয়। বারবার খেই হারিয়ে ফেলছেন তিনি। ভাঙতেই পারছেন না ব্যর্থতার বৃত্ত।

সর্বশেষ শ্রীলঙ্কা সফরটা ভুলেই যেতে চাইবেন বিজয়। দল ভালো করলেও তিনি যেন দাঁড়াতেই পারছেন না। টানা তিন ইনিংসেই ব্যর্থ, যেখানে আবার ‘ডাক’ মেরেছেন দু'টিতেই। তাতেই গড়েছেন লজ্জার এক রেকর্ড।

টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে টপ অর্ডারে অন্তত ১৪ ইনিংস ব্যাট করেছেন, এমন ব্যাটারদের মাঝে সর্বনিম্ন ব্যাটিং গড় এখন বিজয়ের দখলে। তার গড় মাত্র ১১!

সব মিলিয়ে টেস্টে বিজয় ৮ ম্যাচে এখন পর্যন্ত ব্যাট করতে নেমেছেন ১৪ বার। যেখানে নেই কোনো সেঞ্চুরি বা ফিফটি, ডাক মেরেছেন তিনবার। সর্বোচ্চ রান ৩৯। সব মিলিয়ে রান ১৪৩।

বিজয় নাম উঠিয়েছেন আরেকটা অনাকাঙ্ক্ষিত রেকর্ডে। বাংলাদেশী ব্যাটারদের মাঝে অন্তত ৬ টেস্ট খেলেছেন, এমন সবার চেয়ে বাজে গড় বিজয়ের। পেছনে ফেলেছেন মেহরাব হোসেন অপিকেও (১৩.৩৯)।