বাংলাদেশ-ভারত থেকে সরে যেতে পারে ২০৩১ বিশ্বকাপ

অস্ট্রেলিয়ার সংবাদপত্রগুলোর প্রতিবেদন অনুযায়ী- যদি ভারত থেকে এই দু’টি বৈশ্বিক প্রতিযোগিতা সরে যায়, তাহলে সেগুলো আয়োজনের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ও ভারত ক্রিকেট দল
বাংলাদেশ ও ভারত ক্রিকেট দল |সংগৃহীত

পাকিস্তান ও ভারতের মধ্যকার চলমান টানাপোড়েনের কারণে ভবিষ্যতের বৈশ্বিক টুর্নামেন্টগুলো নিয়ে ভাবছে আইসিসি। এমনকি ভারত-বাংলাদেশ থেকে সরে যেতে পারে ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ।

২০২৯ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের কথা ছিল ভারত ও বাংলাদেশের। শোনা যাচ্ছে- সেগুলো বিকল্পভাবে অস্ট্রেলিয়াতে সরিয়ে নেয়ার সম্ভাবনা বিবেচনায় রাখা হচ্ছে।

এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ার দৈনিক দ্য সিডনি মর্নিং হেরাল্ড। এই আলোচনা সামনে এসেছে চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার প্রেক্ষাপটে।

এবারের আসরটি যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। টুর্নামেন্ট চলাকালে পাকিস্তান প্রথমে ১৫ ফেব্রুয়ারির গ্রুপ ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি খেলেছে তারা।

এর আগে নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারত সফরে যেতে রাজি না হওয়ায় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়া হয়। শেষ পর্যন্ত টাইগারদের জায়গায় বিশ্বকাপে অংশ নেয় স্কটল্যান্ড।

ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক যেভাবে ক্রমশ খারাপ হচ্ছে ও তার সরাসরি প্রভাব পড়ছে ক্রিকেটে, তাতে ২০২৯ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ভাবছে আইসিসি।

এমতাবস্থায় ক্রিকেট প্রশাসকদের মতে, দুই দেশের সম্পর্কের টানাপোড়েন বড় আসরের সময়সূচি ও আয়োজন ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই আগেভাগেই বিকল্প ভেন্যু নির্ধারণের আলোচনা চলছে।

অস্ট্রেলিয়ার সংবাদপত্রগুলোর প্রতিবেদন অনুযায়ী- যদি ভারত থেকে এই দু’টি বৈশ্বিক প্রতিযোগিতা সরে যায়, তাহলে সেগুলো আয়োজনের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

যারা ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছিল। অবশ্য এখনো কথাবার্তা বেশিদূর এগোয়নি। সবটাই ভাবনার স্তরে। আইসিসি গোটা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবে।