ইউরোপের সর্বজয়ী ক্লাব চেলসি, গড়ল ইতিহাস

ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে ইউরোপীয় ফুটবলের সব শিরোপা জিতল চিলসি।

নয়া দিগন্ত অনলাইন
বেতিসকে ৪-১ গোলে হারিয়ে উয়েফা কনফারেন্স লিগে জয় চেলসির
বেতিসকে ৪-১ গোলে হারিয়ে উয়েফা কনফারেন্স লিগে জয় চেলসির |সংগৃহীত

ইতিহাস গড়েছে চেলসি। ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে ইউরোপীয় ফুটবলের সব শিরোপা জিতল ইংলিশ দলটি। গতরাতে উয়েফা কনফারেন্স লিগ জিতে এই কীর্তি গড়ে ব্লুজরা।

উয়েফা কনফারেন্স লিগ ফাইনালে বুধবার পোল্যান্ডের রোকলাতে মুখোমুখি হয় রিয়াল বেতিস ও চেলসি। একপেশে ফাইনালে বেতিসকে ৪-১ গোলে হারিয়েছে মারেস্কার দল।

গত ১৩ বছরের মধ্যে দু’টি চ্যাম্পিয়ন্স লিগ ও দু’টি ইউরোপা লিগের শিরোপা জয়ের স্বাদ পেয়েছে চেলসি। বছর চারেক আগে জিতেছে ক্লাব বিশ্বকাপও। আর এবার উয়েফা কনফারেন্স লিগও ধরা দিলো ঝুলিতে।

২০১২ ও ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগ, ২০১৩ ও ২০১৯ সালে ইউরোপা লিগ শিরোপা জিতেছে তারা। এর আগে ১৯৭১ সালে ও ১৯৯৮ সালে উয়েফা কাপ উইনার্স কাপ জিতেছিল চেলসি। যদিও সেই টুর্নামেন্ট পরে বিলুপ্ত হয়ে যায়।

অর্জনের মাত্রা বড় হলেও লড়াই ছিল একপেশে। যদিও প্রথমার্ধে আধিপত্য ছিল রিয়াল বেতিসেরই। ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় স্প্যানিশ ক্লাবটি। ইসকোর পাস থেকে বেতিসকে এগিয়ে দেন এজ্জালজুলি।

তবে বিরতির পর সব বদলে যায়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে ব্লুজরা। তাতে সাফল্যও পেয়ে যায় মারেস্কার দল। ৬৫তম মিনিটে সমতায় ফেরে চেলসি। কোল পালমারের ক্রস থেকে হেডে গোল করেন আর্জেন্টাইন তারকা এঞ্জো ফার্নান্দেজ।

এর ৫ মিনিট পর আবারো গোল করে চেলসি। পালমারের ক্রস থেকে এবার হেড করে জাল খুঁজে নেন নিকোলাস জ্যাকসন। এগিয়ে যায় চেলসি। ৮৩ মিনিটে ব্যবধান আরো বাড়ে। হলের পাস থেকে দুর্দান্ত এক গোল করেন সানচো।

তার গোলেই চেলসির জয় নিশ্চিত হয়ে যায়। আর ম্যাচে বাড়ানো সময়ে বেতিসের কফিনে শেষ পেরেকটি ঢোকান কাইসেডো। ৪-১ গোলের জয় পায় চেলসি।