নাহিদ নেই, তবু আশার আলো দেখছেন বিসিবি কোচ

অস্ট্রেলিয়ার বিপক্ষে নাহিদকে না পাওয়ায় সমর্থকদের হতাশাকে স্বাভাবিক মনে করেন বিসিবি কোচ। তবে এবাদত হোসেনকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
পেসার নাহিদ রানা
পেসার নাহিদ রানা |নয়া দিগন্ত অনলাইন

বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসার নাহিদ রানা ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে নেই। তার অনুপস্থিতি বড় ধাক্কা হলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিসিবি কোচ আলমগীর কবির। তার দাবি, বয়সভিত্তিক দলগুলোতে নাহিদের মতো সম্ভাবনাময় আরো কয়েকজন পেসার উঠে আসছেন।

সোমবার মিরপুরে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আলমগীর জানান, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলে কাজ করার সময় তিনি বেশ কয়েকজন প্রতিভাবান ফাস্ট বোলারকে দেখেছেন। তবে গতির দিক থেকে নাহিদ এখনো সবার চেয়ে আলাদা।

নাহিদের গতি সম্পর্কে তিনি বলেন, ‘তার মতো গতিময় কোনো বোলার পাইনি। তবে ভালো মানের কয়েকজন পেসার আছে, যারা ভবিষ্যতে জাতীয় দলের সম্পদ হতে পারেন।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে নাহিদকে না পাওয়ায় সমর্থকদের হতাশাকে স্বাভাবিক বলেও মনে করেন আলমগীর। তিনি বলেন, ‘প্রতিটি দলই নিজেদের সেরা খেলোয়াড়কে ঘিরে পরিকল্পনা করে এবং বাংলাদেশও নাহিদের ওপর অনেকটাই নির্ভর করেছিল।’

এদিকে দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফেরা এবাদত হোসেনকে নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবির এই কোচ। তার মতে, চোট থেকে ফেরার পর আগের ছন্দ ফিরে পেতে কিছুটা সময় লাগা স্বাভাবিক।

আলমগীর বলেন, ‘এবাদত অফফর্মে নয়, সে ইনজুরি থেকে ফিরেছে। স্বাভাবিকভাবেই কিছুটা সময় লাগবে। পর্যাপ্ত সুযোগ ও সময় পেলে সে আবার আগের ধারেই ফিরবে।’