দর্শকদের সাথে সরাসরি কথা বলবেন তামিম

একবারে সবার সাথে কথা বলতে পারব না। তবে আমরা কয়েকজন দর্শককে বেছে নেব এবং তাদের অভিজ্ঞতা জানতে ও সমস্যা চিহ্নিত করতে ব্যক্তিগতভাবে তাদের সাথে বসব।

নয়া দিগন্ত অনলাইন
তামিম ইকবাল
তামিম ইকবাল |ইন্টারনেট

স্টেডিয়ামে বসে খেলা দেখার অভিজ্ঞতা শুনতে দর্শকদের সাথে সরাসরি কথা বলবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

আজ বৃহস্পতিবার বিসিবির এক ভিডিও বার্তায় এই নতুন পরিকল্পনার কথা জানান তিনি।

এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘খেলোয়াড় বা কর্মীরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা, তা নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু বছরের পর বছর ধরে আমরা আমাদের সবচেয়ে বড় অংশীদার, অর্থাৎ ভক্তদের অভিজ্ঞতার বিষয়ে তাদের সাথে সেভাবে কথা বলিনি।’

তিনি বলেন, ‘আমি এটা পরিবর্তন করতে চাই। আমি চাই দর্শকরা যখন ম্যাচ দেখতে আসবেন, তখন তাদের একটা দারুণ অভিজ্ঞতা হোক এবং তারা যেন একটা চমৎকার পরিবেশ উপভোগ করতে পারে।’

তামিম আরো জানান, এই উদ্যোগে একজন দর্শকের স্টেডিয়ামে প্রবেশ করা থেকে শুরু করে আসন গ্রহণ পর্যন্ত অব্যাহত থাকবে। পাশাপাশি খাবার, পানীয় এবং অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থাও থাকবে।

মতামত সংগ্রহের জন্য ছোট ছোট দলে ভক্তদের সাথে দেখা করার পরিকল্পনা করছেন বলে জানান তিনি।

তামি ইকবাল বলেন, ‘আমি একবারে সবার সাথে কথা বলতে পারব না। তবে আমরা কয়েকজন দর্শককে বেছে নেব এবং তাদের অভিজ্ঞতা জানতে ও সমস্যা চিহ্নিত করতে ব্যক্তিগতভাবে তাদের সাথে বসব।’