পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরে অংশ নিতে দেশ ছাড়লেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম।
গতকাল একই ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন মোস্তাফিজ-শরিফুল-রানা ও ইমন। আজ মঙ্গলবার সকালে পাকিস্তানের উদ্দেশে রওনা দেন রিশাদ ও তানজিদ।
বিমানে চড়ে পাকিস্তানের উদ্দেশে যাত্রার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন এই ছয় ক্রিকেটার।
আগামী ২৬ মার্চ থেকে শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে পিএসএল। লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন মোস্তাফিজ ও ইমন। পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাবেন রানা, শরিফুল ও তানজিদ।
আসন্ন পিএসএলে খেলবেন বাংলাদেশের রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিমও। পেশোয়ার জালমিতে রানা ও শরিফুলের সঙ্গী তামিম।
নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে খেলবেন রিশাদ।
আগামী ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থাকায় পিএসএলে সব ম্যাচ খেলতে পারবেন না বাংলাদেশের ক্রিকেটাররা।
সূত্র : বাসস



