সঙ্কটাপন্ন অবস্থায় শাপুর জাদরান, দোয়া চাইলেন আফ্রিদি-আকমাল

ইদানিং আফগানিস্তানের সাথে পাকিস্তানের কিছুটা বৈরিতা তৈরি হলেও আফ্রিদি-আকমালের এমন সহমর্মিতা ভক্তদের মাঝে বেশ প্রশংসিত হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন

কয়েক বছর আগেও তাকে বলের গতির জন্য সমীহ করতেন বিশ্বের বড় বড় ব্যাটাররা। আফগানিস্তানের সাবেক সেই পেসার শাপুর জাদরান এখন হাসপাতালের বিছানায় সঙ্কটাপন্ন অবস্থায় জীবন অতিবাহিত করছেন।

শনিবার (১৮ এপ্রিল) একাধিক সংবাদমাধ্যম জানায়, ৩৮ বছর বয়সী জাদরান একাধিক গুরুতর শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। তার রক্তের শ্বেতকণিকা দ্রুত কমে যাচ্ছে বলে জানা গেছে।

এমন পরিস্থিতিতে তার জন্য দোয়া ও সুস্থতা কামনা করেছেন পাকিস্তানের দুই সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি এবং কামরান আকমাল। তারা উভয়েই জাদরানের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

কামরান জাদরানের ছবি পোস্ট করে লিখেছেন, ‘জাদরান ভাই আমার বন্ধু। তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

আফ্রিদিও তার ছবি দিয়ে লিখেছেন, ‘শাপুর জাদরানের ভাইয়ের সাথে কথা হলো। তার কথাগুলো মন ছুঁয়ে গেল। পুরো পরিস্থিতির কথা শুনে হতাশ লাগছে। আমি মর্মাহত। জাদরান, মাঠে তুমি ভীষণ লড়াকু খেলোয়াড় ছিলে। আশা করছি, এই লড়াইটাও তুমি দারুণভাবে লড়বে। তোমার দ্রুত আরোগ্য কামনা করছি।’

ইদানিং আফগানিস্তানের সাথে পাকিস্তানের কিছুটা বৈরিতা তৈরি হলেও আফ্রিদি-আকমালের এমন সহমর্মিতা ভক্তদের মাঝে বেশ প্রশংসিত হচ্ছে।

উল্লেখ্য, ২০০৯ সালে আফগানিস্তানের হয়ে অভিষেক হয় জাদরানের। ২০২০ সাল পর্যন্ত দেশের হয়ে ৪৪টি ওয়ানডে ম্যাচ এবং ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার ৮০টি উইকেট রয়েছে।