শেষ ওয়ানডেতে পাওয়া চোটের রেশ এখনো রয়ে গেছে লিটন দাসের। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তাকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। সেই জন্যই তড়িঘড়ি করে সৌম্য সরকারকে দলে ডাকা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। তার আগে আজ মঙ্গলবার দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।
সংবাদ সম্মেলনে আসলেও প্রথম টি-টোয়েন্টিতে তার খেলা হচ্ছে না বলাই যায়। সংবাদ সম্মেলনে এসে তেমনই ধারণা দিলেন তিনি নিজেই। জানালেন আগামীকাল তার খেলার সম্ভাবনা ‘ফিফটি ফিফটি।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পায়ের পেশীতে টান পড়েছিল তার। এরপর মাঠ ছাড়তে হয়। পরে ৪৯তম ওভারে ব্যাটিংয়ে ফিরলেও আর ফিল্ডিংয়ে নামতে পারেননি। যেই চোট আছে এখনো।
নিজের ফিটনেস নিয়ে লিটন বলেন, ‘আগের চেয়ে আমি অনেক ভালো আছি। যে অবস্থায় ছিলাম, তার থেকে এখন ভালো লাগছে। তবে আজ দেখব, এরপর কাল আবার দেখে সিদ্ধান্ত নিতে হবে আমার বিষয়টা।’
এদিকে সৌম্য সরকারকে হঠাৎ ডাকা হয়েছে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে। যদিও এখনো তিনি দলে যোগ দেননি, আগামীকাল সকালে আসবেন চট্টগ্রাম। মূলত লিটন দাসের বিকল্প হিসেবেই তাকে ডেকে আনা।
লিটন বলেন, ‘সৌম্যকে দলে নেয়ার কারণ হলো, আমি নিজেই ফিফটি-ফিফটি অবস্থায় ছিলাম। কী হতে পারে, সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ জন্য অন্তত কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
‘এছাড়া ইমনেরও হালকা অসুস্থতা আছে। তাই আমরা ঝুঁকি নিতে চাইনি যে প্রয়োজনের সময় হঠাৎ করে কাউকে ডেকে আনতে হবে। সেই চিন্তা থেকেই সৌম্যকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
‘আজ হয়তো সে অনুশীলন করতে পারবে না, তবে কাল থেকে দলের সাথে পুরোপুরি যুক্ত হয়ে যাবে।’ যোগ করেন লিটন দাস।



